আশুগঞ্জের রোপা আমনের জমি পানিতে তলিয়ে গেছে
প্রতিনিধি : কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের প্রায় ৪০ হেক্টর রোপা আমনের জমি। প্রাথমিক ভাবে ১৩০ মেট্রিক টন ধান উৎপাদন ব্যাহত হওয়ায় আশংকা করলেও পানি বাড়লে বা দ্রুত না কমলে ক্ষতির পরিমান বাড়তে পারে বলে আশংকা করছে কৃষি বিভাগ। এদিকে ফসলের ক্ষয়ক্ষতিতে কৃষকেরা দুচিন্তায় দিনাতিপাত করছে। তবে স্থানীয় কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের কৃষকদের তালিকা তৈরী করছেন। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা প্রায় ৪০ হেক্টর রোপা আমনের জমি বৃষ্টি ও উজানের পানিতে তলিয়ে গেছে। ফলে আনুমানিক ১৩০/১৩৫ মেট্রিক টন আমন ফলন ব্যাহত হবে যার আর্থিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো কৃষি জমি পানিতে তলিয়ে যাবার আশংকা রয়েছে। ফলে বাড়বে ক্ষতির পরিমান। কৃষি বিভাগ আরো জানায়, দ্রুত পানি কমলে অনেক জমি তেমন ক্ষতি হবেনা। দুর্গাপুর এলাকার কৃষক কালু মিয়া, হানিফ মুন্সী, শফিকুর রহমানসহ অনেকে ধানি জমি তলিয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। এখন নতুন করে চাষ করার জন্য সময় বা বীজ কোনটাই নাই। তারা ভবিষ্যতে কিভাবে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করবে তা বুঝে উঠতে পারছেন। আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ খান জানান, প্রাথমিক ভাবে প্রায় ৪০ হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে। পানি বাড়লে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি।











