মহান বিজয় দিবস
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৪৬ বছর আগে এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে পাকিস্তানের বর্বর হানাদারদের পরাজিত করে বিজয় অর্জন করেছিল বাংলার দামাল ছেলেরা।
লাল-সবুজের পতাকা উড়িয়ে রাজধানী ঢাকা শহরকে শত্রুমুক্ত করেছিল মুক্তিসেনারা। আত্মসমর্পণের দলিলে সই করতে বাধ্য হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়েছিল সারা দেশের আকাশ-বাতাস।
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন এই ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছিল। ৪৭তম বিজয় দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি সেসব শহীদকে, যাঁরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের এই লাল-সবুজের পতাকা দিয়েছেন। স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যাঁরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের প্রতিহিংসার শিকার হয়েছেন। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন।
স্মরণ করছি সেই সময়ের কোটি কোটি মানুষকে, যাঁরা হানাদার বাহিনীর অত্যাচার-নিপীড়ন সইতে না পেরে ঘরবাড়ি ছেড়ে পরবাসী হয়েছিলেন, বনে-জঙ্গলে রাত কাটিয়েছেন, নিজে না খেয়েও একজন মুক্তিযোদ্ধাকে এক বেলা খাওয়ানোর জন্য ব্যাকুল থেকেছেন। তাঁদের সবাই, আমাদের তথা পরবর্তী প্রজন্মের কাছে নমস্য।
বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করবে, অহংকার করবে। অন্যদিকে সেদিন যারা পাকিস্তানিদের দোসর ছিল সে রকম কিছু কুলাঙ্গার বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ হবে। তারা নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনবে। স্বাধীনতার সব অর্জনকে নস্যাৎ করার জন্য তৎপর হবে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। তাই আমাদের উত্তর প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে। মনে রাখতে হবে, এ বিজয় এমনি এমনি আসেনি। এর জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলনসহ অনেক আন্দোলন-সংগ্রাম এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই জায়গায় পৌঁছতে হয়েছে।
আর সে ক্ষেত্রে আমরা ঋণী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। আমরা ঋণী মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, তাজউদ্দীন আহমদসহ সে সময়ের আরো অনেক নেতানেত্রীর কাছে। মনে রাখতে হবে বিশ্ববাসীর সমর্থন ও বিভিন্ন দেশের সহযোগিতার কথা। বিশেষ করে, ভারত ও তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। আমরা তাদের সবার কাছেই কৃতজ্ঞচিত্তে ঋণ স্মরণ করছি।
মহান বিজয় দিবসে আমাদের প্রত্যয় হোক সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মুক্তিযুদ্ধের লক্ষ্য ধরে এগিয়ে যাওয়া। দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া। একাত্তরের নরঘাতকদের যে বিচার চলছে, একে এগিয়ে নেওয়া। স্বাধীনতার বিরুদ্ধে এখনো যেসব ষড়যন্ত্র চলছে তার মূলোৎপাটন করা। অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত করা এবং সুখী, সমৃদ্ধ ও রাজকারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। বিজয় দিবসে আমাদের অগণিত পাঠক, শুভানুধ্যায়ীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।











