,

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন—এ নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দলটির শীর্ষ নেতারা এবং পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি বিধায়করা। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দুর নাম চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। পাশাপাশি আগামী শনিবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানের বিষয়টিও নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের সময় একাধিক প্রস্তাব জমা পড়লেও প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। অন্য কোনো নাম না আসায় তাকেই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়।

নির্বাচনের পর বিধায়ক দলের নেতা বাছাইয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অমিত শাহকে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের উপস্থিতিতে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে শুভেন্দুর নাম অনুমোদন পায়।

এখন বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। নাম ঘোষণার পর অমিত শাহ বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির রাজনৈতিক বিস্তার আরও শক্তিশালী হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণকারী সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা দুইবার নির্বাচনী লড়াইয়ে হারানোর পর তার অবস্থান আরও শক্তিশালী হয়ে ওঠে।