পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের মজুদ বাড়াতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, তাঁর দেশের পারমাণবিক অস্ত্র সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, যদি কোনো দেশেই পারমাণবিক অস্ত্র না থাকতো তাহলে খুবই ভালো হতো। যেহেতু তা হবার নয় সেহেতু আমেরিকাকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে সবার উপরে থাকতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দলীয় অস্ত্র নিয়ন্ত্রক সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, আমেরিকার কাছে ৬ হাজার ৮০০ পারমাণবিক অস্ত্র রয়েছে যেখানে রাশিয়ার কাছে আছে ৭ হাজার।
স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়েটার্সকে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, রাশিয়ান ডিপ্লোয়মেন্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত হলে তিনি এ ব্যাপারে কথা বলবেন।
এর আগে প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া উপকূলের অদূরে প্যাসিফিক টেস্ট রেঞ্জ থেকে চারটি সুদীর্ঘ পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ সেনা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।











