আফগান কূটনীতিকদের পাকিস্তান সেনার তলব
আন্তর্জাতিক ডেস্ক :আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীদের পাকিস্তানে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির দূতাবাস কর্মকর্তাদের জরুরি তলব করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এ সময় আফগান কূটনীতিকদের হাতে ৭৬ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর নামের তালিকা তুলে দিয়ে তাদের পাকিস্তানের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।
শাহবাজ কলন্দর মাজারে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হলো।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দফতরে আফগান দূতাবাস কর্মকর্তাদের তলব করে, তাদের হাতে ৭৬ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর নামের তালিকা তুলে দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার আফগান কূটনীতিকদের তলব করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসীদের আফগান ভূখণ্ড ব্যবহারের অভিযোগ জানানো হয়। তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া ও পাকিস্তানের কাছে হস্তান্তরের বিষয়ে আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে একই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন কূটনীতিককে তলব করে। তার কাছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়। তার কাছে আফগান সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে পরিচালিত সন্ত্রাসী হামলার তথ্যও তুলে ধরা হয়।
এর পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধুর শেহওয়ান এলাকার লাল শাহবাজ কলন্দর মাজারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গত এক সপ্তাহ ধরে দেশটিতে সঙ্ঘটিত হামলাগুলোর মধ্যে হতাহতের দিক থেকে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।
পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ ঘটনাস্থল পরিদর্শন করে মন্তব্য করেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এমনকি দেশটির ‘নিরাপদ স্বর্গে’ বসে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নতুন করে শক্তি অর্জন করছে।
এ দিকে আফগানিস্তানের সাথে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের প্রধান মেজর জেনারেল গাফুর এক টুইট বার্তায় এ কথা জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই দেশের সীমান্ত পুরোপুরি বন্ধ থাকবে বলেও টুইট বার্তায় জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যমকে বলেছে, সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত উচ্চপর্যায় থেকে নেয়া হয়েছে। তিনি আরো জানান, পাকিস্তানের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের সাথে বিশদ শলাপরামর্শের পর সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।











