৪০ গ্র্যাজুয়েট থেকে ৭৭ ইউনিভার্সিটি
আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমীরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, আজ থেকে ১২ বছর আগে আমি আরব বিশ্বের সব নেতাকে একটি চিঠি লিখেছিলাম। বলেছিলাম, অবস্থা বদলে ফেলুন, নইলে নিজেরাই বদলে যাবেন (ক্ষমতাচ্যূত হবেন)। তাদের কেউ কেউ আজ আর ক্ষমতায় নেই। বাকিরা আমাকে প্রশ্ন করেছে, কিভাবে আমি ভবিষ্যতের কথা বলতে পারলাম? একথা সত্যি, ভবিষ্যৎ আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ আমাদের হাতে কিছু সূচক দিয়েছেন, যা দিয়ে আমরা আন্দাজ করতে পারি, কী ঘটতে যাচ্ছে।
শেখ মোহাম্মদ দুবাইয়ে চলমান তিন দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেন। গত রবিবার শুরু হওয়া সম্মেলনটিতে চার হাজার ডেলিগেট যোগ দিচ্ছেন। এতে ১৩৯টি দেশের ১৫০ জন বক্তা বক্তৃতা দেবেন।
শেখ মোহাম্মদ বলেন, আরব নেতাদের ভুল ছিল যে তারা কতিপয় কর্মকর্তা দ্বারা পরিবৃত হয়ে থাকতেন। ওই কর্মকর্তারা জনগণের মনোভাব সম্বন্ধে তাদেরকে সবসময় ভুল খবর দিতেন। বলতেন, ”সবকিছু চমৎকারভাবে চলছে, মানুষ সুখে আছে।” কিন্তু আমাদের হাতে যে সূচক আছে তা ইঙ্গিত দিত অন্যকিছুর। আমরা জেনে যেতাম, মানুষ সুখে নেই, তারা সন্তুষ্ট নয়, বহু সুযোগ নষ্ট হয়ে গেছে, অর্থনীতির অবনতি ঘটছে, লাখ লাখ আরব তরুণ দেখছে তাদের কোনো ভবিষ্যৎ নেই।
আমীরাতের নেতা বলেন, এই অঞ্চল হচ্ছে মানবসভ্যতার সূতিকাগার। আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনার সুযোগ এখনো আছে। হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন, তার সবই আরব বিশ্বের আছে। আমি আশাবাদী।
তিনি বলেন, ব্যবস্থাপনা হচ্ছে আমাদের হারানো সূত্র (মিসিং ফ্যাক্টর)। উন্নয়ন চাইলে একে ফিরিয়ে আনতে হবে। আমরা বাস করছি একটি অভিন্ন বিশ্ববাজারে। তাই আন্তঃআরব মুক্তবাজার কিংবা আরব সাধারণ বাজার হলেই আমাদের চলবে না, আমাদের চাই মুক্ত বিশ্ববাজার।
শেখ মোহাম্মদ বলেন, আরব দুনিয়ার আছে প্রাকৃতিক সম্পদ, আছে ইচ্ছাশক্তি। এখন আমাদের প্রয়োজন ব্যবস্থাপনা। সরকার, অর্থনীতি, অবকাঠামো ও জনগণকে ব্যবস্থাপনা করতে হবে।
তিনি বলেন, যত চ্যালেঞ্জই আসুক, যত সমস্যাই আমাদের ঘিরে ধরুক, আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারব – এ বিশ্বাস হারালে চলবে না। এই ইউএই-কে কত সংঘাত ও সমালোচনা, মিডিয়া ওয়ার ও ইকোনমিক ওয়ার মোকাবেলা করতে হয়েছে! আমরা কিছুতেই দমে যাইনি। বাধা এলে আমরা আরো অধ্যবসায়ী হয়েছি।
শেখ মোহাম্মদ বলেন, আমাদের যত অর্জন, তার মধ্যে সবচাইতে বড় হলো আমরা নেতৃত্ব তৈরি করেছি। এদেশ যখন যাত্রা শুরু করে তখন আমাদের ছিল মাত্র ৪০ জন গ্র্যাজুয়েট, আর আজ আমাদের আছে ৭৭টি ইউনিভার্সিটি। আমরা ২০২১ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষবিহীন যান পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আমার বলতে ভালো লাগছে যে, এই প্রোগ্রামে যারা কাজ করছে তারা সবাই আমীরাতি এবং তাদের সবার বয়স ২০-এর নিচে।
তিনি বলেন, আমরা নিজেদের শতভাগ বিশুদ্ধ দাবি করি না। আমরা প্রতিদিনই নতুন কিছু শিখি। আমরা সময় নষ্ট করি না। কারণ, সময় হচ্ছে নদীর মতো, একবার বয়ে গেলে আর ফিরে আসে না।
আমীরাতের নেতা বলেন, কেউ চাইলে আমরা তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।
তিনি আরো বলেন, আজ আমাদের মধ্যে এমন অনেকে আছে, যারা পবিত্র কুরআনের নামে মানুষ খুন করছে, আত্মঘাতী হচ্ছে। এটা আমাদের ইসলাম নয়। আমাদের ইসলাম একটি নিষ্পাপ ধর্ম। সহিষ্ণুতা, ভালোবাসা ও মৈত্রীর ধর্ম।











