‘কেউ যেন বলতে না পারে বিদেশে খেলাটা রপ্ত করতে পারিনি’
স্পোর্টস ডেস্ক : গত বছর থেকেই বদলে গেছে বাংলাদেশ। বাঘা বাঘা দলগুলোকে সহজেই কুপোকাত করতে পারেন তারা। আর ঘরের মাঠে তো আরও দুর্দান্ত। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের পর আফগানিস্তানকে হারিয়ে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতে মাশরাফি বিন মুর্তজার দল। অল্পের জন্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা হয়নি। তবে সাদা পোশাকে প্রথমবারের মত ইংলিশদের হারিয়ে সিরিজ ড্র করে মুশফিকবাহিনী।
ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশের এবারের মিশন বিদেশের মাটিতে। মাশরাফি-মুশফিকদের সামনে এখন চ্যালেঞ্জ ঘরের বাইরে নিজেদের আধিপত্য জানান দেয়া। নিউজিল্যান্ড সফরে তাই বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফির চাওয়া ভালো খেলা। যেন কেউ না বলতে পারে বিদেশের মাটিতে দুর্বল বাংলাদেশ দল। দেশের একটি শীর্ষ দৈনিককে এমনটাই জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
বললেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যেন কেউ বলতে না পারে আমরা দেশের বাইরে খেলাটা এখনো রপ্ত করতে পারিনি। দলের সবাই ফিট আছে, এটা স্বস্তির।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শেষে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই দফায় অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ দল। বিগব্যাশের দুই দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে খেলেও বাংলাদেশ। সিডনি সিক্সার্সের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেলেও সিডনি থান্ডারের বিপক্ষে ছয় উইকেটের হারের স্বাদ পায় বিসিবি একাদশ।
নিউজিল্যান্ড সিরিজের আগে সিডনিতে এই প্রস্তুতি ক্যাম্প নিয়ে খুশি বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘ভালো হয়েছে আমাদের প্রস্তুতি। কন্ডিশন হয়তো হুবহু একরকম নয়। তবে এখানে তো ট্রেনিং আর ম্যাচ খেলা ছাড়া কোনো কাজ ছিল না। তাই ফোকাস শতভাগই ক্রিকেটে ছিল। অবশ্য আসল প্রস্তুতি কিংবা পরীক্ষা, যা-ই বলেন না কেন, সেটা হবে নিউজিল্যান্ডে।’
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প শেষে রোববার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে মাশরাফি-মুশফিকরা। সর্বশেষ ২০১০ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ছয় বছর পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলবেন সাকিব-তামিমরা। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে নেলসনে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিন জানুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ দুটি ম্যাচ ছয় ও আট জানুয়ারি। ১২-১৬ জানুয়ারি ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ২০-২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে নিউজিল্যান্ড সফর। প্রিয়.কম











