বাল্যবিয়ে নিরোধ আইন : তুরস্কের রাস্তায় হাঁটছি?
সাদিয়া নাসরিন
২০১৬ সালের হিসাব অনুযায়ী বাল্যবিয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় প্রথম, বিশ্বে ষষ্ঠ। এই ভয়াবহ অবস্থানে থেকে উন্নয়ন সূচক বাড়ানোর শর্টকাট রাস্তা হিসেবে ‘বিশেষ ক্ষেত্রে’, ‘অপ্রাপ্তবয়স্ক’ মেয়ের ‘সর্বোত্তম স্বার্থ’ বিবেচনার বিধান রেখে গত ২৪ নভেম্বর, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পুরুষতান্ত্রিক মূল্যবোধে জর্জরিত এই ‘বিশেষ ক্ষেত্রে’র বিশেষ বিধান রেখে আসলে কার সর্বোত্তম স্বার্থ রক্ষা করবে- সেটিই মূল প্রশ্ন। যেখানে এই দেশে প্রাপ্তবয়স্ক নারীরই নিজের জীবন বা বিয়ের সিদ্ধান্ত নেয়ার অধিকার স্বীকৃত নয়, সেখানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ‘সর্বোত্তম স্বার্থ’ কে এবং কীভাবে নির্ধারণ করবেন! এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে ১৬ ও ছেলেদের ক্ষেত্রে ১৮ বছর করার কথা বলা হয়েছিল। কিন্তু উন্নয়ন সংস্থাগুলোর ধারাবাহিক প্রতিবাদ, চাপের মুখে তখন সরকারের পক্ষ থেকে বিয়ের বয়স কমানো হবে না বলে জানানো হয়েছিল।
কিন্তু সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত এই আইন পাস হলে, সম্প্রতি তুরস্কে ধর্ষকের সঙ্গে বিয়ে হলে ধর্ষণের সাজা মওকুফের বিধান রেখে যে আইনটির প্রস্তাব পাস হলো তার সঙ্গে এই আইনের ভাষাগত পার্থক্য থাকলেও প্রয়োগগত পার্থক্য থাকবে না। বাংলাদেশের মতো ধর্ষণপ্রবণ একটি সমাজে, যেখানে শক্তিশালী নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকা সত্ত্বেও গত ৯ মাসে গড়ে ৫২ জন নারী ও শিশু ধর্ষিত হয়েছে, সেখানে সামাজিক অবক্ষয় রোধের জন্য মেয়েশিশু বিয়ের এই বিশেষ ব্যবস্থা মেয়েশিশু ধর্ষণকে বৈধ করবে, ধর্ষণ-পরবর্তী গর্ভবতী হলে ধর্ষকের সঙ্গে বিয়ে ব্যবস্থাকে আইনের বাধ্যবাধকতায় নিয়ে আসবে। পুরুষতান্ত্রিক আইনে যেমন করে ধর্ষণ প্রমাণের দায়িত্ব নারীর ওপরই আরোপ করে, তেমন করেই ‘বিশেষ প্রেক্ষাপটে’ আদালতের নির্দেশনা নিয়ে এবং বাবা-মায়ের সমর্থনে মেয়ে-শিশুদের বিয়ের ‘সুযোগ’ রাখার মানে হলো মেয়েশিশুকেই সমস্যা হিসেবে চিহ্নিত করে, তাকেই বলি দেয়া।
মন্ত্রিপরিষদ সচিব এই আইনের ব্রিফ করতে গিয়ে বলেছেন, ‘অবিবাহিত মা, অথবা পালিয়ে বিয়ে করে গর্ভধারণ করা কন্যাশিশুদের সামজিক সমস্যা বিবেচনায় রেখে এই বিশেষ বিধান রাখা হয়েছে।’ তার মানে এই আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে দেশে মেয়েশিশুদের পালিয়ে (পড়ুন ফুসলিয়ে) বিয়ে করার হিড়িক পড়ে যাবে, এবং বলাই বাহুল্য তা হবে পূর্ণবয়স্ক পুরুষের সঙ্গে। আমরা যদি ধরেও নিই যে, একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে পালিয়ে বিয়ে করে গর্ভধারণ করে ফেললে তাকে বিয়ে দিয়ে সম্মান বাঁচানোই একমাত্র পথ, তাহলেও তো এই প্রশ্ন থেকেই যায় যে, পূর্ণ বয়স্ক পুরুষের সঙ্গে কোনো শিশুর কী আদৌ বৈবাহিক বা অবৈবাহিক ‘সঙ্গম’ বা যৌন সম্পর্ক গড়ে উঠতে পারে, বা রাষ্ট্রের সেই প্রশ্রয় দেয়া উচিত? এ প্রসঙ্গে যদি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর বক্তব্য আমরা বিশ্লেষণ করতে পারি, যেখানে তিনি বলেছেন, ‘সামাজিক অবক্ষয় রোধে আইনে একটি বিশেষ ধারা থাকছে। কোনো বিশেষ কারণে প্রতিবন্ধী কোনো মেয়ে বা সামাজিক জটিলতার ক্ষেত্রে, অর্থাৎ যেসব ক্ষেত্রে আর কোনো পথ নেই, সেসব ক্ষেত্রে এই বিশেষ ধারা প্রযোজ্য হবে।’ (প্রথম আলো, ২২নভেম্বর ২০১৬)।
ধর্ষণ যদি সামাজিক অবক্ষয়েরই বহিঃপ্রকাশ হয়ে থাকে, তাহলে সেই অবক্ষয় রোধে বিশেষ ধারায় বাল্যবিয়ের ব্যবস্থার মানে হলো ধর্ষণের জন্য মেয়েদেরই দায়ী করা। মানে, মেয়ে তুমি বিয়ে না করে ধর্ষিত হয়ে সমাজকে কলুষিত করছো কেন, যাও, এবার বিয়ে করে ধর্ষিত হও?? আইন কী তবে শিশু ধর্ষকের জন্য এই দেশকে অভয়ারণ্য বানাচ্ছে? সামাজিক জটিলতা নিরসনের জন্য বাচ্চা মেয়েগুলোই বিয়ে দিয়ে সারাজীবন একটা অসম যৌন সম্পর্ক, অপরিপক্ব প্রজনন প্রক্রিয়া ও ঝুঁকিপূর্ণ গর্ভধারণ এবং প্রসবের দিকে ঠেলে দেয়া হচ্ছে? যুগ যুগ ধরে কী পুরুষের অসুস্থ অনিয়ন্ত্রিত যৌনতার দায় মেয়েদেরই নিতে হবে? আইন বলছে প্রতিবন্ধী হলেই, পিতৃমাতৃহীন হলেই, আশ্রয়হীন হলেই মেয়েশিশু সামাজিক সমস্যা? সে আর নতুন কী! সুস্থ-স্বাভাবিক মেয়েরাও তো যুগ যুগ ধরে সামাজিক সমস্যা হিসেবেই চিহ্নিত হয়েছে এবং জীবন্ত কবর দিয়ে, পুড়িয়ে মেরে, ভ্রূণ হত্যা করে সে সমস্যার সমাধান হতো একসময়। এখন বিয়ের নামে আবার নতুন ফর্মে সেই পুরনো সমাধানে ফিরে যাবে বাংলাদেশ?
এ রকম একটি সামাজিক বাস্তবতায় পুরুষতান্ত্রিক নিয়ম, চিন্তা, আচরণ এবং চর্চাকে বন্ধ করার উদ্যোগ না নিয়ে বরং ‘যদি’, ‘তবে’, ‘যেমন’, ‘বিশেষ’ ইত্যাদি ফাঁক রেখে আইন বাল্যবিয়ে রোধে কোনো অগ্রগতি আনবে বলে আমার মনে হয় না। ভোটের রাজনীতি যেখানে পুরুষতন্ত্র নিয়ন্ত্রণ করে, যেখানে ভোটের আশায় স্থানীয় চেয়ারপার্সনরা ‘প্রয়োজনমতো’ জন্মসনদ প্রদান করেন, সেখানে ‘বিশেষ ক্ষেত্র’ প্রস্তুত রেখে আইন করে মেয়েশিশু বিয়ের হার কমাবে, সে আশা একটু হাস্যকর বৈকি। বিয়ের বাজারে মেয়েশিশুর চাহিদা বেশি কেন, কেন বয়স্ক পুরুষেরা অল্পবয়স্ক মেয়ে বিয়ে করতে বেশি আগ্রহী হয়, কেন পুরুষেরা মেয়েশিশুর ওপর যৌন নিপীড়ন করে, কীভাবে শৈশব থেকে কন্যাদের মনস্তত্ত্বে শারীরিক সতীত্বের ধারণা গেঁথে দেয়া হয়- এই প্রশ্নগুলোর কারণ উদ্ঘাটন না করে একটা বিশেষ বিধান রাখা আইন করে পুরুষতন্ত্রের চাহিদামোতাবেক ‘কচি মেয়ে’ ধর্ষণের আইনগত সুযোগ নিশ্চিত করবে এবং বরাবরের মতোই পুরুষতন্ত্রের কাছে নারী নেতৃত্বের পরাজয় হিসেবেই চিহ্নিত হবে।
স্বীকার করে নিতে হবে, সরকারের এতো উদ্যোগ ও আন্তিরকতা সত্ত্বেও পুরুষশাসিত সমাজের কূপমণ্ডূকতা আর সামাজিক অনিয়মগুলো দুর্বল করতে না পারার কারণেই দেশে কন্যাশিশু বিয়ে ও নির্যাতনের হার এখনও উচ্চ। ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৯ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার এবং এ শিশুদের বিয়ের গড় বয়স ১৫ বছর ৩ মাস। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের ওয়ার্ল্ড চিলড্রেনের প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ১৮ বছরের আগে ৬৬ শতাংশ মেয়ে ও ৫ শতাংশ ছেলের বিয়ে হচ্ছে। ১৫ থেকে ১৯ বছরেই অন্তঃসত্ত্বা কিংবা মা হয় এক-তৃতীয়াংশ নারী। এই পরিসংখ্যান বাস্তবিক অর্থেই সরকারের সমগ্র উন্নয়ন চিত্রকে ম্লান করে দেয়। প্রশ্ন উঠতে পারে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং এর কার্যকারিতা নিয়ে।
যদি নির্মোহ বিশ্লেষণ করা হয় তবে আমরা দেখি, গত ২৫ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা নারীপ্রধান সরকার যেমন পুরুষতান্ত্রিক নিয়ম ও চাহিদাকে চ্যালেঞ্জ করার ঝুঁকি নিতে চায়নি, তেমন উন্নয়ন সংস্থাগুলো এবং সচেতনতামূলক কার্যক্রম ছাড়া তেমন কোনো চ্যালেঞ্জিং উদ্যোগ নেয়নি, যা পুরুষতন্ত্রের এই চাহিদাকে দূর করতে সাহায্য করে। এ পর্যন্ত বাল্যবিয়ে রোধে সরকার এবং উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম কারণ হিসেবে দারিদ্র্য আর শিক্ষার হার কম হওয়াকে প্রাধান্য দিয়েই বাস্তবায়িত হয়েছে। কিন্তু সমস্যার মূলে থাকা বিদ্যমান পুরুষতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করতে হবে সবার আগে। উদাহরণ হিসেবে আমরা দেখি, সবচেয়ে বাল্যবিয়ে-প্রবণ এলাকা হলো ফেনী এবং সবচেয়ে কম বাল্যবিয়ে হয় বান্দরবানে (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের এক জরিপের তথ্য)। তার মানে, আদিবাসীদের মাতৃপ্রধান সমাজ ব্যবস্থা বাল্যবিয়ের মতো পুরুষতান্ত্রিক সমস্যাকে নিয়ন্ত্রণ করতে বেশি সক্ষম।
একটা বিষয় মাথায় রাখতে হবে, যতদিন সমাজ থেকে পুরুষতন্ত্রের চাহিদা ও চাপ দূর না করা হবে, ততদিন আইন করে এর জোগান বন্ধ করা অসম্ভব। তাই যদি সরকার টেকসই উন্নয়নের স্বার্থে বাল্যবিয়ে বন্ধে বদ্ধপরিকর হয়, তবে এসব ধোঁয়াশা না রেখে দেশ থেকে বাল্যবিয়ে নির্মূলই হতে হবে ‘সর্বোত্তম স্বার্থ’। এই ‘সর্বোত্তম স্বার্থ’ নিশ্চিত করার জন্য পুরুষতান্ত্রিক চাহিদা, আচরণ এবং আধিপত্যকে দুর্বল করার ঝুঁকি নিতে না পারলে শুধু আইন প্রণয়ন করে বা লাল-বেগুনি-কমলা রঙে কর্পোরেট দিবস বা পক্ষ পালন করে আপাতত সংখ্যা বাড়ানো বা কমানো গেলেও কার্যকর ফল পাওয়া যাবে না। (তথ্যসূত্র : ইন্টারনেট)।
লেখক : কলামিস্ট, প্রধান নির্বাহী, সংযোগ বাংলাদেশ।











