ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোঃ কাপ্তান মিয়া (৪৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টায় উপজেলার হরিপুর গ্রামের হরিণবেড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কাপ্তান মিয়া হরিপুর গ্রামের আনজব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর গ্রামের হরিণবেড় বাজার অভিযান চালায়। এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কাপ্তান মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, কাপ্তান মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারের শামছুল আলমের ভাড়াটিয়া আবু জাফরের বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি।











