পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!
অনলাইন ডেস্ক : সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। তাঁর পরিবর্তে অনুষ্ঠানে অতিথি হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস কিংবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছেন তাঁরা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন। তিনি জানান, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমণির সাম্প্রতিক বিরোধের আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধ বিবেচনায় নিয়ে অতিথির তালিকা থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি পরীমণিকেও জানানো হয়েছে। পাশাপাশি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।
খালেদ সুমন আরও জানান, অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের একাধিক তারকা উপস্থিত থাকবেন। পরীমণির পরিবর্তে অপু বিশ্বাস অথবা বুবলীকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে চট্টগ্রামের দর্শকদের সঙ্গে দেখা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন পরীমণি। পোস্টারটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও আয়োজকদের অতিথি নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে।
একপর্যায়ে চট্টগ্রামে কর্মরত কয়েকজন সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়। তাঁদের দাবি ছিল, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান না করলে আয়োজকদের বিকল্প অতিথি নির্বাচন করা উচিত।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমণি ও এক সাংবাদিকের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরীমণি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ ছিল, ওই সাংবাদিক তাঁর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমণি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোনটি ফেরত নেন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।











