নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়াম ভারতের দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর