বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক :বিচার বিভাগে আর্থিক দুর্নীতির তুলনায় বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে অধস্তন আদালতের বিচারকদের নিয়ে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
বিচারকদের সততা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারকের সঙ্গে ‘সৎ’ শব্দটি আলাদাভাবে যুক্ত করা অতিরঞ্জন। কারণ, একজন বিচারকের মূল দায়িত্বই হলো সততা বজায় রাখা।
তিনি আরও বলেন, যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সরকার ও প্রধান বিচারপতি শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নের চেষ্টা করছেন।
এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।
বিচার বিভাগের অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, সালাহউদ্দিন আহমদ গুম হওয়ার ঘটনায় বিচার বিভাগ তাঁর পাশে দাঁড়ায়নি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও বক্তব্য দেন আইনমন্ত্রী। তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
বিচার বিভাগের শুদ্ধাচার প্রতিষ্ঠা, বিচারকদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি।











