এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
অনলাইন ডেস্ক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, সাবেক র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।
এর আগে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এসআরবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের পর এসআরবি সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন ফারুক আহমেদ। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব ও জবাবদিহিতা বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও কাজ করেছেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) স্নাতক ডিগ্রি অর্জন করেন।











