হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

news-image

বিডা ভবনে দিনব্যাপী ‘ইনভেস্টরস মিটআপ ৩.০’ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসা পরিচালনার জটিলতা হ্রাস, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বৈশ্বিক হালাল পণ্যের বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত সংস্কার ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে দিনব্যাপী জাতীয় ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ‘ইনভেস্টরস মিটআপ ৩.০–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিডিফেয়ার্স (BDFairs.com) ও জেসিআই ঢাকা অ্যাচিভার্স যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। নেক্সোরা কনসালটেক লিমিটেড ছিল পাওয়ার্ড বাই পার্টনার। সহযোগিতায় ছিল বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)। ‘বিনিয়োগবান্ধব ইকোসিস্টেম তৈরি: ব্যবসা সহজীকরণ, এফডিআই ও হালাল শিল্পে নতুন বিনিয়োগের সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন, হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি বাংলাদেশের শিল্পায়নকে আরও গতিশীল করতে উৎপাদন ব্যয় হ্রাস, নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত এবং ওয়ান-স্টপ সার্ভিসের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে বৈশ্বিক হালাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে আন্তর্জাতিক মানের সনদায়ন ব্যবস্থা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের সদস্যসচিব মুফাজ্জল ইবনে মাহফুজ।

সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সকালের অধিবেশনে ‘হালাল শিল্পে বিনিয়োগের সম্ভাবনা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোমিনুল ইসলাম। তিনি বৈশ্বিক হালাল সরবরাহব্যবস্থা, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সনদায়ন, রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বাংলাদেশের হালাল শিল্পের প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ খাতের সমন্বিত বিকাশে ‘হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অথরিটি অব বাংলাদেশ’ (HIDAB) গঠনের একটি প্রস্তাবিত কাঠামোও উপস্থাপন করেন তিনি। বিকেলের অধিবেশনে ‘টেকসই শিল্প ও ইএসজি বিনিয়োগ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেক্সোরা কনসালটেক লিমিটেড, এসএমই ফাউন্ডেশন এবং জাইকা/এপিও (জাপান)-এর পরামর্শক প্রকৌশলী এ. ফাত্তাহ আসিফ। তিনি কার্বন নিঃসরণ হ্রাস, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন, গ্রিন ফাইন্যান্সিং এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার মাধ্যমে টেকসই শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল তুলে ধরেন।

সম্মেলনের প্রথম বিশেষায়িত অধিবেশনে ‘হালাল শিল্পে বিনিয়োগের সম্ভাবনা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন সম্পাদক, আইন ও বিচার জনাব শফিকুর রহমান; বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম; বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সাবেক সভাপতি সাব্বির এ খান; বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহবুব এনাম; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হালাল সার্টিফিকেশন বিভাগের প্রধান ড. এ. কে. এম. বদরুল আহসান এবং এনসিসি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কাশেম মো. সফিউল্লাহ। আলোচনায় হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, সনদায়ন প্রক্রিয়ার মানোন্নয়ন, উৎপাদন ও সরবরাহব্যবস্থায় গুণগত মান নিশ্চিতকরণ এবং এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করেন আলোচকরা।

দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল ‘টেকসই শিল্প ও ইএসজি বিনিয়োগ’। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিউ ভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেবিসিসিআইয়ের সাবেক সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন)। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন এমইপি কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ওমর ফারুক; সংগঠনটির ফায়ার অ্যান্ড প্লাম্বিং বিভাগের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আল ইমরান হোসাইন; আমরাক লিমিটেডের চেয়ারম্যান জিসু পার্ক (বিলিয়ন) এবং ডিবিএল সাসটেইনেবিলিটির চিফ সাসটেইনেবিলিটি অফিসার মোহাম্মদ জাহিদুল্লাহ। আলোচনায় শিল্পকারখানায় জ্বালানি দক্ষতা, পরিবেশগত ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা, টেকসই উৎপাদন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) মানদণ্ড অনুসরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

সম্মেলনের তৃতীয় অধিবেশনে ‘ব্যবসা সহজীকরণ, এফডিআই ও নতুন বিনিয়োগের সুযোগ’ শীর্ষক শিল্পবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন জেনিস শুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্ল্যাক্সার সহসভাপতি নাসির খান। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ইনভেস্টমেন্ট সার্ভিস বিভাগের মহাপরিচালক গাজী এ. কে. এম. ফজলুল হক এবং ইতোচু করপোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ ও জেবিসিসিআইয়ের পরিচালক হিরোয়াকি ওউরা। আলোচনায় বিনিয়োগকারীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, ওয়ান-স্টপ সার্ভিসের কার্যকারিতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনার ব্যয় ও প্রতিবন্ধকতা হ্রাস, নীতিগত ধারাবাহিকতা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশে নতুন বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন এ. ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি সম্মেলনে উত্থাপিত সুপারিশগুলো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরে সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষ অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, অধিবেশন মডারেটর ও প্যানেল আলোচকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনে উত্থাপিত আলোচনা ও সুপারিশ বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি, হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং টেকসই শিল্পায়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট