ভুলতে চাই প্রথম ব্রেকআপের কথা : মৌসুমী হামিদ
জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক স্মৃতি থাকে, যেটা আমরা ভুলে যেতে চাই। অভিনেত্রী মৌসুমী হামিদ বলছেন তেমনই একটি স্মৃতির কথা…
আমাদের সম্পর্ক ছিল দুই বছরের। ওটা ছিল আমার প্রথম প্রেম। তাই অনেক বেশি সিরিয়াস ছিলাম। ২০১৩-তে ব্রেকআপ হয়। খুব বাজেভাবে সম্পর্কটা শেষ করেছি। ও এমন কিছু কাজ করেছে, ব্রেকআপ ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথম দিকে ও আমার বেশ ভালো টেক কেয়ার করত। যে কারণে ওর প্রতারণার বিষয়টা আমি ঠিক বুঝতে পারিনি। পরে যখন ওকে হাতেনাতে ধরে ফেলেছি, আর সহ্য করতে পারিনি। ও সম্পর্কের ব্যাপারে সৎ ছিল না।
অন্য মেয়েদের সঙ্গে আমার অজান্তে যোগাযোগ করত। একপর্যায়ে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। আরেকটা ব্যাপার, ২০১৩ সালে আমি একটা দুর্ঘটনায় পড়ি। তখনই মূল সমস্যাটা শুরু হয়। ও হয়তো ভেবেছে, আমি শেষ হয়ে যাব। ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—কোনো মাধ্যমেই ঘুরে দাঁড়াতে পারব না। আমার সঙ্গে যোগাযোগ কমাতে থাকে। আমিও খবর পাই, অন্য মেয়েদের সঙ্গে ওর সম্পর্কের খুঁটিনাটি। একটা সময় কথাগুলো আর নিজের কাছে রাখতে পারিনি। সরাসরি ওকে জিজ্ঞেস করি। ও কোনো উত্তর দিতে পারেনি। কারণ ওর কাছে আসলে কোনো উত্তর ছিল না। সেদিনই ওর সঙ্গে আমার শেষ কথা।
তবে ওর সঙ্গে আমি সব সময় খারাপ সময় কাটিয়েছি, তা নয়; অনেক ভালো স্মৃতিও আছে, যা কখনো ভোলার নয়। যেমন—ওর সঙ্গেই প্রথম কক্সবাজারে গেছি। এ রকম নানা স্মৃতি আছে, যেগুলো কখনো ভুলতে পারব না। কিন্তু আমি প্রথম ব্রেকআপের কথাটা ভুলতে চাই। কারণ ওটা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। উৎস : কালের কণ্ঠ।











