বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ‘বজ্রকঠিন’ আন্দোলনে নামছে

 

নিজস্ব প্রতিবেদক : আগামীতে ‘বজ্রকঠিন’ আন্দোলন আসছে এবং শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ‘স্বৈরাচারীধারা’ সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

2016_04_06_13_52_52_vFkJ0cGFHkoyiexAHyWlAzT5ZOnRgw_original

 

গণতন্ত্র মৃত উল্লেখ করে ড. ওসমান ফারুক বলেন, ‘দেশে মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে। সংবাদপত্র ও বাক স্বাধীনতা নেই। সুতরাং এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশানে পরিণত হবে। তাই বিএনপিসহ আপামর জনগণের আবেদন, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইচ্ছামতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।’

 

 

তিনি বলেন, ‘সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। অথচ এসব মামলার কোনো ভিত্তি নেই। তাই অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।’বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা দাবি করে বলেন, ‘জনগণ সুদৃঢ় ঐক্যের সাথে আগামী দিনের আন্দোলন করবে, যে আন্দোলনের ফলে এ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।’

 

 

আগামিতে বজ্রকঠিন আন্দোলন আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামীতে এমন উত্তাল আন্দোলন আসছে, যে আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত বজ্রকঠিন। সে আন্দোলনে এই সরকারের স্বৈরাচারী ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে।’

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন-বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারি, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।