জিয়ার মাজার সরানোর চক্রান্ত প্রতিহত করা হবে
নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর চক্রান্ত করছে এমন অভিযোগ করে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘সরকার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা থেকে জিয়াউর রহমানের মাজার সরিয়ে দেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছে। বিশ্বখ্যাত স্থপতি লই আই ক্যানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি, এমন অজুহাতে শহীদ জিয়ার মাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।’এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শহীদ জিয়ার অর্জন এবং গৌরবে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন অবৈধ সরকার তার মাজার সরানোর টার্গেট করেছে। কিন্তু বিএনপি সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে এবং জনগণও তা বরদাশত করবে না।’
রিজভী বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার জিয়ার মাজার সরানোর চক্রান্ত করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় এসে মাজার সরানোর এ চক্রান্ত শুরু করেছিলেন। তিনি তখন জিয়া উদ্যানের নামও পরিবর্তন করেছিলেন। আবারো সেই ষড়যন্ত্র করছে অবৈধ এ সরকার।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শহীদ জিয়ার এ মাজারটি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান দখল করে আছে। তাই তার মাজার সরানোর উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। জনগণ তাদের এই প্রিয় নেতার মাজার নিয়ে ছিনিমিনি খেলা কখনোই বরদাশত করবে না। এ মাজার সরানোর দুঃসাহস দেখালে পরিণতি ভালো হবে না। কোনভাবেই তাদের এই অপচেষ্টা সফল হতে দেয়া হবে না।’
বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিব হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘জনগণ সরকারের সব অপচেষ্টাকে জীবন দিয়ে প্রতিহত করবে। জাতীয়তাবাদী শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জিয়ার মাজার উচ্ছেদের অশুভ পরিকল্পনা প্রতিরোধ করবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এজেডেএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, হেলেন জেরিন খান প্রমুখ।
এদিকে, সংবাদ সম্মেলনে আসা বেশ কয়েকজন সাংবাদিক বসার জায়গার অভাবে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সে সময় বিএনপি নেতার ব্যক্তিগত সহকারী ও কয়েকজন সমর্থক সাংবাদিকদের নির্দিষ্ট চেয়ারে বসেছিলেন। তাদের আসন ছেড়ে দেয়ার কথা বললেও তারা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকেন। এ নিয়ে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন।











