বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মাঠে নামছে সিলেট বিএনপি ইলিয়াসের জন্য

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘নিখোঁজে’র প্রায় চার বছর হলেও কোনো খোঁজ-খবর মিলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর। তার সন্ধান দাবিতে আবারো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার চার বছর পূর্ণ হচ্ছে আগামী ১৭ এপ্রিল। দীর্ঘ সময়েও বিএনপির এই নেতার কোনো সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনের পর দিন পেরিয়েছে কিন্তু দীর্ঘশ্বাস আর অপেক্ষার পালা বেড়েছে ইলিয়াসের পরিবারের।

220px-M.Ilias_Ali

ইলিয়াস ‘নিখোঁজ’র পর সিলেটজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠেছিল। সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দলের দুই কর্মী। আন্দোলনে জড়িত থাকা অসংখ্য নেতা-কর্মী এখনো মামলার ঘানি টেনে চলেছেন। কিন্তু ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা ছাড়তে নারাজ তারা।ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ফের মাঠে নামছে সিলেট বিএনপি। এরইমধ্যে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ইলিয়াস আলী বৃহত্তর সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন। তিনি মা, মাটি ও মানুষের নেতা। তার জন্য গোটা সিলেট এখনো কাঁদছে।তারা জানান, দীর্ঘ চার বছরেও সরকার তাদের প্রিয় এই নেতার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় ইলিয়াসের সন্ধান দাবির আন্দোলনকে বেগবান করতে আবারো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। তার (ইলিয়াসের) সন্ধান দাবিতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।

তারা জানান, কর্মসূচির মধ্যে রয়েছে, ১০ এপ্রিল ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এছাড়া একইদিন সিলেটের সব উপজেলা ও পৌর শহরে বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।১৬ এপ্রিল ইলিয়াস আলী, তার গাড়িচালক আনসার আলী এবং সিলেটের স্থানীয় ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে জেলা বিএনপির প্রতিনিধি দল।

 

১৭ এপ্রিল সিলেট জেলা সদর, সব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খতমে কোরআন এবং দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে।সিলেট বিএনপির ওই দুই শীর্ষ নেতা জানান, কর্মসূচির মধ্যে আরো রয়েছে- ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর কোর্ট পয়েন্টে প্রতীকী অনশন এবং ৩০ এপ্রিল বিকেলে একইস্থানে সমাবেশ করা হবে।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, এসব কর্মসূচি শেষ হলেও ইলিয়াসের সন্ধান দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী।