বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ৫ পদের দায়িত্ব ছাড়ছেন

 

নিজস্ব প্রতিবেদক : পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার আগে একইসঙ্গে দলের পাঁচটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন মির্জা ফখরুল। তবে সম্প্রতি বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দলটির মহাসচিব পদে মনোনীত হওয়ার পর এবার গঠনতন্ত্র অনুসারে অন্য গুরুত্বপূর্ণ ৫ পদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে যাচ্ছেন দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে পদ ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

132710Mirza-fakhru-(1)

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল নিজেই এ তথ্য জানান।মির্জা ফখরুলের দায়িত্বে থাকা ৫টি পদ হচ্ছে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য (পদাধিকার বলে), সিনিয়র যুগ্ম মহাসচিব, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি- এই ৫ পদের দায়িত্ব পালন করছিলেন।

 

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত বলে গণ্য হবেন।গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিবসহ কমিটি গঠনের সর্বময় ক্ষমতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর ন্যস্ত করেন কাউন্সিলররা। বেগম জিয়া সেই ক্ষমতাবলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করেন।

 

গতকাল বুধবার (৩০ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ তথ্য জানান।রিজভী আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দলের মহাসচিবের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি পদে বহাল রয়েছেন।

 

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘স্বেচ্ছায় পদ ছাড়ার প্রক্রিয়া (একাধিক পদ ছাড়ার) শুরু হয়ে গেছে। আমার জেলায় (ঠাকুরগাঁও জেলা সভাপতি) আমি ব্যবস্থা নিয়েছি। এবার কৃষক দলেও (সভাপতির পদ) আমি ব্যবস্থা নিচ্ছি। কাল-পরশু এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে আপনারা (গণমাধ্যম) সেটা জানতে পারবেন।’উল্লেখ্য, গত ১৯ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলের কর্মঅধিবেশনে দলের গঠনতন্ত্রে ‘এক নেতার এক পদ’র বিধান যুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

‘এক নেতার এক পদ’র বিধান বাস্তবায়ন হলে বিএনপির স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, নির্বাহী কমিটির কর্মকর্তা এবং অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকেরা দলের অন্য কোনো পর্যায়ের কোনো কমিটিতে নির্বাহী কর্মকর্তা হতে পারবেন না। তবে সেক্ষেত্রে সদস্য থাকার সুযোগ রাখা হয়েছে।এছাড়া দলের মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা একইসঙ্গে একাধিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না। তবে অন্য পদে থাকতে পারবেন।

 

 

কিন্তু এসব বিষয়ে অনিবার্য কারণ দেখিয়ে চেয়ারপারসন ‘সাময়িকভাবে’ যেকোনো পদে ব্যতিক্রম অনুমোদন দিতে পারবেন বলে গঠনতন্ত্রে বিধান রাখা হয়েছে।এদিকে, কাউন্সিলের পর গত ২১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘এক নেতার এক পদ’ বাস্তবায়ন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, ‘দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে ‘এক নেতার এক পদ’র বিধান যুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আমাদের যাদের দ্বিতীয় পদ আছে, এটি (এক নেতার এক পদ’র বিধান) চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে পদত্যাগ করব। একাধিক পদে যারা আছেন তারা এক পদে বহাল থেকে অন্য পদগুলো স্বেচ্ছায় ছেড়ে দেবেন।’