সরকার ভুল পথে জঙ্গি দমনে
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে সরকার ভুল পথে আছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘সরকারের ভুল দৃষ্টিভঙ্গির কারণে দেশে জঙ্গি ও উগ্রবাদের উত্থান হয়েছে।’শুক্রবার বিকেলে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সরকারকে গণতান্ত্রিক পথে আসার আহ্বান জানিয়ে মওদুদ আহমেদ বলেন, ‘আপনারা জানেন, আপনারা অবৈধ। তাই গণতান্ত্রিক পথে এসে একটি নির্বাচন দিন। তাহলে জঙ্গি ও উগ্রবাদ হবে না। একটি সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক পথ ফিরিয়ে আনলে আপনাদের, আমাদের ও জনগণের জন্য ভালো হবে।’তিনি বলেন, ‘দেশে শাসন আছে সুশাসন নেই। বাংলাদেশের মানুষ সুশাসন পাচ্ছেন না। গণতন্ত্র নাই। এ জন্যই জঙ্গি-উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠেছে।’
দেশে নৈরাজ্য কেন? এমন প্রশ্ন করে মওদুদু আহমেদ বলেন, ‘দেশে কোনো আন্দোলন নেই। এখন মানুষ শান্তিতে থাকার কথা কিন্তু শান্তি নেই। সবখানে নৈরাজ্য। আজকে শিশুরা ধর্ষিত হচ্ছে। ছাত্রীরা ধর্ষিত হচ্ছে। কেউ নিরাপদ নয়।’মওদুদ আহমেদ বলেন, ‘ব্যাংকের ৪ হাজার কোটি টাকা লুটে যার বিরুদ্ধে অভিযোগ আছে। তাকে আবার কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর নিয়োগ দিয়েছে এটা কীভাবে সম্ভব! বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করে নেয়া হয়নি। বাহির থেকে এটা করা সম্ভব নয়। কোনো হ্যাকিং করা হয়নি, চুরি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষ জানতে চায় যারা কেন্দ্রীয ব্যাংকের টাকা লুটপাটে জড়িতদের ধরা হবে কি, হবে না। কারণ, এর সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারের লোক জড়িত। তাই সাবেক একজন বিচারপতির মাধ্যমে একটি তদন্ত কমিটি করে জড়িতদের বিচারের মুখোমখি করা হউক।’
বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে ঐকবদ্ধ করতে হবে। বিএনপির রাজনীতিকে পরিষ্কার করতে হবে। বিএনপিই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে এ কথা জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, স্বেচ্ছাসেবক সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, দলের ছাত্রদলের সভাপতি রাজিব আহসান। কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাহ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ বক্তব্য দেন।











