শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিউর রহমানের গ্রেফতার ও রিমান্ড দাবি মোশাররফের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পদত্যাগ করা গভর্নর আতিউর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এর মাধ্যমে নেপথ্যের কুশীলবরা বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

download (1)

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার হ্যাকাররা হাতিয়ে নেয় বলে সম্প্রতি ফিলিপাইনের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরো জানানো হয়, ওই অর্থ ক্যাসিনোসহ একাধিক হাত ঘুরে অন্য দেশে নিয়ে যাওয়া হয়।

 

মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করে আজকে কী বোঝাতে চেয়েছেন, জানি না। যদি তিনি এর দায়দায়িত্ব নিয়ে থাকেন তাহলে এখনো কেন সরকার তাকে গ্রেফতার করে না। তাকে কেন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তাকে রিমান্ডে নিলেই ঘটনার সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসবে।’

 

তিনি বলেন, ‘সমাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে সবাই লিখছে এই রিজার্ভ চুরির পেছনে একজন আইটি এক্সপার্ট জড়িত। এ কারণে সরকারের মধ্যে কেউ উচ্চবাচ্য করছে না।’বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ বহু ত্যাগ ও শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। লাখ লাখ প্রবাসী বাঙালি এ দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিকে মুজবুত করতে অবদান রাখছে। সেই সময় আমরা দেখছি ব্যাংকের রিজার্ভ লুট হয়ে যাচ্ছে।’

 

রিজার্ভ চুরির ঘটনা সরকার ধামাচাপা দিতে চেয়েছে, দাবি করে মোশাররফ বলেন, ‘বর্তমানে যারা সরকারে রয়েছেন, তাদের কেউ না কেউ সিকিউরিটি কোড নম্বরের সঙ্গে পরিচিত। সেজন্য সরকার এই ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে।’

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনির হোসেন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ বক্তব্য দেন।