রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে রাজনীতি
আর্থিক ও চারিত্রিকভাবে ভয়াবহরকমের দূষণীয় মানুষ এরশাদ। রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতিকে, রাজনীতিবিদদের দূষিত করেছেন। আর এই দূষণের অংশ হিসেবে ব্যবহার করেছেন ধর্মকে।
ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, তাদেরকেও টেক্কা দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করেছেন এরশাদ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা ধর্ম পালন করেন, হৃদয়ে ধারণ করেন। অতি সাধারণ দরিদ্র কৃষক-শ্রমিক ধর্মীয়ভাবে উগ্র ননঅ। ধর্ম ব্যবসায়ীরা তাদের ভেতরে উগ্রতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন। এর জন্যে তারা কিছু প্রপাগান্ডামূলক কৌশল অবলম্বন করেন।
রাষ্ট্রধর্ম ইসলাম, পরবর্তী রিট এবং ২৮ বছর পর সেই রিটের শুনানিকে কেন্দ্র করে আবারো বাংলাদেশের রাজনীতি সরগরম হয়ে উঠছে। তাই সেই প্রেক্ষিতেই কিছু কথা:
১. যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াত কোণঠাসা। ইসলামি ঐক্যজোটসহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোও দুর্বল হয়ে পড়েছে। এক ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এই সুযোগে নতুন করে আত্মপ্রকাশ করেছে হেফাজতে ইসলাম। হেফাজত কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন। এরা একটা সংগঠিত শক্তি। শাপলা চত্বরের সমাবেশ এবং বিএনপির সমর্থন হেফাজতকে বড়ভাবে আলোচনায় আনে। সরকার কঠোরভাবে শাপলা চত্বরে তাদের দমন করে। একই সঙ্গে ‘ম্যানেজ’ করার প্রক্রিয়াও শুরু করে। রেলের জমিসহ আরও নানা সুযোগ-সুবিধা দিয়ে সরকার হেফাজতকে ম্যানেজ করে। সেই সময় থেকেই হেফাজতকে সব সময় হাতে রাখছে। আওয়ামী লীগের কিছু নেতা এবং এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছে সরকার। আর সরকারের নিয়ন্ত্রণে থেকে সুযোগ-সুবিধা নেয়ার রাজনীতি করছে হেফাজত।
২. রাষ্ট্রধর্ম মামলার রিটের প্রেক্ষিতে তারা আবার ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা করছে। প্রকাশ্যেই তারা হুমকি দিয়ে বলছে, রায় যদি তাদের পক্ষে না যায়, তবে দেশে বিশৃক্সখলা তৈরি হবে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। গত ২২ মার্চ রাতে একাত্তর টেলিভিশনে কথা হয় একজন হেফাজত নেতার সঙ্গে। তার আমার সঙ্গে যে তর্ক হয় তা এমন-
হেফাজত নেতা বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ আমাদের সঙ্গে। তারা চায় রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে হবে। তা না হলে দেশে বিশৃক্সখলা তৈরি হবে।’
আমি বললাম, ৯০ শতাংশ মানুষ আপনাদের সঙ্গে আছে, তা কীভাবে বুঝবেন? আমি তো আপনাদের সঙ্গে নাই। আমি একজন মুসলমান।
উত্তরে তিনি বললেন, ‘আপনি তো মুসলমান নন।’
আমি মুসলমান নই, আপনি তা কীভাবে বলছেন? আপনি কি তা বলতে পারেন? আমি তো আপনার চেয়ে বড় মুসলমান। হেফাজত নেতা বলেন, ‘আমার চেয়ে বড় হতে পারেন তবে মুসলমান নন।’ আমি কেন মুসলমান নই? প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘আপনি মুসলমান নন আমি তা বলিনি। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে তিনি নিজের বলা কথা অস্বীকার করলেন।
ঘটনাটি উল্লেখ করলাম এই কারণে যে, এরা পবিত্র ইসলাম ধর্ম ব্যবহার করে কিভাবে অসত্য প্রপাগান্ডা চালায় তার ছোট্ট একটি নমুনা হিসেবে।
৩. এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ১৯৮৮ সালের আগে রাষ্ট্রধর্ম যখন ইসলাম ছিল না, তখনও এ দেশের মানুষ ধর্ম পালন করতেন। রাষ্ট্রধর্ম ইসলাম করার পরেও মানুষ ধর্ম পালন করেন। ধর্ম পালনে আগেও কোনো সমস্যা ছিল না, এখনও নেই। সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। তারা অধিকারও বেশি ভোগ করেন। আলাদা করে রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয়ের প্রয়োজন হয় না। রাষ্ট্রের ধর্মীয় পরিচয় না থাকলে, কোনো ক্ষতি হয় না। ধর্মীয় পরিচয় থাকলে, অন্য ধর্মের (সংখ্যায় তারা কম হলেও) মানুষ নিজেদের নিরাপত্তাহীন ভাবেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের দায়িত্ব সংখ্যায় যারা কম তাদের দেখে রাখা। নিজের অধিকারের নামে তাদের মনে ভীতি তৈরি করা নয়। বর্তমানে বাংলাদেশে ভীতি তৈরির সংস্কৃতি চলছে।
৪. হেফাজত বিষয়টি নিয়ে এমন প্রপাগান্ডা চালাচ্ছে যে, যারা রাষ্ট্রধর্মের পক্ষে তাদের সঙ্গে একমত হবেন না, তারাই ধর্ম বিরোধী বা তারা মুসলমান নন। সরকার হেফাজতকে তুষ্ট রাখতে চায়। ফলে তারা বিশৃক্সখলা সৃষ্টির হুমকি দিতে পারছে। তারা জানে যে সরকার তাদের কিছু বলবে না। দেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের একটা বড় অংশ সরকারের কাছে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন। হেফাজতের বিরুদ্ধে তারা কোনো কথা বা সমাবেশ করুক, তা সরকার চায় না। ফলে বুদ্ধিজীবীরা নিরব থাকছেন। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের তল্পিবাহক, তারাও চুপ।
এমন অবস্থায় আদালতের রিটের শুনানতে কেন্দ্র করে দেশে বিশৃক্সখলা তৈরির চেষ্টা করছে হেফাজত। বিএনপি চাইছে হেফাজত বিশৃক্সখলা তৈরি করুক। তাহলে সরকার বিপদে পড়বে। সরকার চাইছে, কোনো অবস্থাতেই যেন হেফাজত মাঠে নামার পরিবেশ না পায়। হেফাজত তুষ্ট করার এই নীতিতে আটকে গেছে
বাংলাদেশ. ফলে রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়টির সুরাহা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমার মনে হয়, রাজনীতির উপকরণ হিসেবেই থেকে যাবে তা।-ডিডাব্লিউ।











