কাউন্সিলের অর্জন ব্যর্থ হওয়ার হয়ে যেতে পারে শঙ্কায় গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কাউন্সিলের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু এরপরও আমরা ঘরে বসে থাকলে সব কিছু আবারও ব্যর্থ হয়ে যেতে পারে।’এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন আর ঘরে বসে থাকলে চলবে না। মৃত্যুকে উপেক্ষা করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে রাজপথে নামতে হবে।’

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠেয় বিএনপির র্যালিকে সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
ঢাকার নেতাদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আন্দোলনে আবারো ব্যর্থ হলে দলের তৃণমূলের নেতাকর্মীরা আমাদের ফের আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আর আন্দোলনের ফলাফল যেহেতু আমাদের হাতে নেই, তাই আমাদের আরো সক্রিয় হতে হবে। নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলনকে সফল করতে হবে। এর মধ্য দিয়ে জাতিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিতে হবে।
বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলছে। এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারী সরকারকে বিদায় করতে হবে।’বিএনপির স্বাধীনতা দিবসের র্যালিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যোগদান করে সর্বাত্মক সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর রায়।এ সময় তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের মুক্তি এবং সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার প্রমুখ।











