বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নালিশ বাক্স’ বন্ধ করতে বললেন বিএনপিকে : হাছান মাহমুদ

 

নিজস্ব প্রতিবেদক : প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে অযৌক্তিক অভিযোগ না করে বিএনপিকে তাদের ‘নালিশের বাক্স’ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।মঙ্গলবার (২২ মার্চ) কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড.-হাছান-মাহমুদ_11313

 

হাছান মাহমুদ বলেন, ‘অতীতের যেকোন স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বর্তমানে দেশের স্থানীয় নির্বাচন আরো বেশি সুষ্ঠু হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চেয়েও বর্তমানে আমাদের দেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তারপরও দেখা যাচ্ছে- বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে। বিএনপি এখন বাংলাদেশের নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজই হচ্ছে নালিশ করা। আমি বলবো, দয়া করে আপনাদের ‘নালিশ বাক্স’ বন্ধ করুন।’

 

বিএনপির গঠনতন্ত্র সংশোধনের সমালোচনা করে তিনি বলেন, ‘এতদিন খালেদা জিয়া চাইলে কমিটি ভেঙ্গে দিতে পারতেন। আর এ সম্মেলনের মধ্য দিয়ে উনাকে (খালেদা জিয়া) চাইলেই কমিটি গঠন করারও ক্ষমতা দেয়া হয়েছে। অর্থাৎ খালেদা জিয়াকে এখন সম্রাজ্ঞীর মতো ক্ষমতা দিয়ে দেয়া হয়েছে। যে দলে কাউন্সিলের আগে নেতৃত্ব নির্বাচিত হয়, সে দলকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়।’

 

 

প্রয়াত জিল্লুর রহমান স্মরণে হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি হল ব্রত। যারা রাজনীতিকে ব্রত হিসেবে নিতে পারেন কেবল তাদেরই রাজনীতি করা উচিত। জিল্লুর রহমান ছিলেন তেমনই একজন ব্রতচারী, যিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন।’তিনি আরো বলেন, ‘তার (জিল্লুর রহমান) জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আওয়ামী লীগের একজন কর্মী থেকে তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। অত্যন্ত বিশ্বস্ত, ত্যাগী ও পরিশীলিত রাজনীতিবিদ ছিলেন বিধায় তিনি যেমন বঙ্গবন্ধুর সময়ে দলের সাধারণ সম্পাদক ছিলেন তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সময়েও দলের সাধারণ সম্পাদক হতে পেরেছিলেন।’

 

 

এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, শাজাহান সাজু, অরুণ সরকার রানা, এম এ করিম ও আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।