বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো বাড়ছে বিএনপির কমিটির পরিধি

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে দলটির নির্বাহী কমিটির পরিধি আরো বাড়ানো হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন করে পৃথকভাবে বিষয়ভিত্তিক কমিটি করার সিদ্ধান্তের কারণে নতুন এই পদ সৃষ্টি হবে।বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাত সাড়ে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

 

bnp1458241985
সূত্র জানায়, বৈঠকে এক ব্যক্তির এক পদ, বিষয়ভিত্তিক কমিটি, স্থায়ী কমিটির সদস্য হবে ২১ বা ২৩, যুগ্ম মহাসচিব ৯ এবং ৮ বিভাগে পৃথক সাংগঠনিক সম্পাদক পদ সৃষ্টির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।দলের ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে একদিন আগে গুরুত্বপূর্ণ এসব বিষয়ে আলোচনা হলো।

 
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘এটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির শেষ বৈঠক। সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানানো হয়েছে। বিএনপি নেত্রী নিজেই স্থায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। ২০০৯ সালে স্থায়ী কমিটি গঠনের পর দীর্ঘ ৬ বছরে অনেক প্রতিকূলতার মধ্যে স্থায়ী কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।’

বৈঠকে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ড. আর এ গনি ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

১৯ মার্চ রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার সকাল ১০টায় তা উদ্বোধন করবেন।এদিকে কাউন্সিলে অংশ নিতে বিএনপির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ এমপি সায়মন ড্যানজাক। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।রিপন বলেন, কাউন্সিলে বিদেশি অতিথি আগমন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অতিথি আসবেন।