‘সরকার অপরাধীদের পার করার চেষ্টায়’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনার ৪০ দিন পর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে সরকার মূল অপরাধীদের পার করার চেষ্টা করছে কি না?
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সন্দেহ প্রকাশ করেন তিনি।
রিজভী বলেন, রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে জড়িত, তা জাতির কাছে একেবারেই সুস্পষ্ট। ঘটনার ৪০ দিন পর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত রহস্যজনক। তাহলে কী অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করছে সরকার?

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ভেলকিবাজির মত বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টির মধ্যেই তিতাস গ্যাসের তিন হাজার ১০০ কোটি টাকা লোপাটের মত চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও দুজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্যে দিয়ে ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনার নেপথ্যে গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না বলে হুশিয়ার করেন বিএনপির এই নেতা।
‘সারাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে তারা জনগণের টাকা আত্মসাত করে রাখছে, যাতে পালানোর মত অবস্থা সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগে।’
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘লুটপাটকারীদের দুঃশাসনের কবল থেকে দেশ মুক্ত না হলে অচিরেই দুর্ভিক্ষের কবলে পড়বে। এই ভয়াবহ নৈরাজ্যময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় ভোটারবিহীন সরকারকে ক্ষমতা ত্যাগ করে বিদায় নিতে বাধ্য করা।’
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সহ সম্পাদক আব্দুস সালাম আজাদ, দফতর সহ সম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ ছিলেন।











