বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বোতলে পুরান মদ ঢোকানো হবে বিএনপির কাউন্সিলে: মায়া

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলের মাধ্যমে নতুন বোতলে পুরান মদ ঢোকানো হবে বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন উপলক্ষে মুজিবসেনা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, বিএনপির কাউন্সিলের মাধ্যমে নতুন বোতলে পুরান মদ ঢোকানো হবে। কারণ, কাউন্সিলের আগেই বিএনপির চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। খুনী, দাগী সন্ত্রাসী আর ষড়যন্ত্রকারীদের মিলনস্থল হলো বিএনপি। আর মানুষ হত্যা ও ষড়যন্ত্র হলো তাদের মূলনীতি।

 

Maya_banglanews24_945576711
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাচ্ছে না। কারণ, বেগম খালেদা জিয়ার আগুন সন্ত্রাসের কারণে বিএনপি ডুবে গেছে। তারা জনগণের কাছে গিয়ে কোনো কথা বলতে পারছে না।তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার এমন কোনো ভালো কাজ নেই- যা উল্লেখ করার মতো।
২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না উল্লেখ করে মায়া বলেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ যাদের পক্ষে রায় দেবে তারা পরবর্তী মেয়াদে দেশ পরিচালনা করবে।
আওয়ামী লীগ নেতা এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে যারা সরকারকে নাজেহাল করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না।

 
সংগঠনের সভাপতি মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক মো. জামাল উদ্দিন ও মুজিবসেনা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক।