বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বচ্ছ নির্বাচন হয়েছে বিএনপির শীর্ষ দুই পদে’

 

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির শীর্ষ দুই পদে নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতেই ওই নির্বাচন হয়েছে।রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপির ওই দুই শীর্ষ পদে নির্বাচনের জন্য কমিশন গঠন, রিটার্নিং অফিসার নিয়োগসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তফসিল ঘোষণা করা হয়েছিল।

002_170676

“ঘোষিত তফসিল অনুযায়ী, স্বচ্ছতার সঙ্গে মিডিয়ার উপস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়াও সম্পন্ন হয়। খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।”প্রসঙ্গত, ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে গত ৬ মার্চ একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুন:নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এর আগে ২৯ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। গত ২ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ, ৪ মার্চ তা জমা, ৫ মার্চ যাচাই-বাছাই করা হয়।

 

দলটির শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনের পর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ এ নিয়ে সমালোচনা করে আসছে। তারা বলছেন, এ নির্বাচন লোক দেখানো। সবাইকে মনোনয়নপত্র সংগ্রহ না করতে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, বিএনপি আসামিকে নেতা নির্বাচিত করেছেন।আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া বা শেখ হাসিনার উপস্থিতিতে চেয়ারপারসন বা সভাপতি হিসেবে তাদের নাম প্রস্তাব করা হলে কেউ তাদের বিরোধিতাও করবে না, প্রতিদ্বন্দ্বিতাও করবে না। এটিই স্বাভাবিক।’

 

তিনি বলেন, ‘বরং বিএনপির দুই শীর্ষ পদে আগে নির্বাচন হওয়ায় এবং সেখানে খালেদা জিয়া-তারেক রহমান উপস্থিত না থাকায় ওই দুই পদে দলের যে কারোর মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ বেশি ছিল। কিন্তু কেউই তা সংগ্রহ করেনি।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহী’ মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোট অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর শাখা।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে সরকারের একজন মন্ত্রী বলেছেন, এটি একটি তামাশা। বিএনপির সব নেতাকে আগেই বলে দেওয়া হয়েছে, কেউ যেন তাদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ না করে। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে।’সরকারের ওই গোয়েন্দা রিপোর্টকে ‘ফরমায়েশী গোয়েন্দা রিপোর্ট’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার যেভাবে চায়, গোয়েন্দারা সেভাবে রিপোর্ট দিতে পারে। এটি ‘ফরমায়েশী গোয়েন্দা রিপোর্ট’।

 

দেশে ‘অনির্বাচিত’ সরকার থাকার কারণে কোনো দায়বদ্ধতা নেই উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তোরণের একমাত্র উপায়, দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেজন্য অবিলম্বে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলেও মনে করেন দলটির এই নীতিনির্ধারক।গণতন্ত্র পুনরুদ্ধারে ২০ দলীয় জোটের চলমান আন্দোলন সফল হবে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন চলছে। এ আন্দোলন জনসম্পৃক্ত হওয়ায় আগামী দিনে তা অবশ্যই সফল হবে। জনগণের কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় না।’

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, নগর সাধারণ সম্পাদক মাহমুদ খান প্রমুখ।