তামাশায় পরিণত হচ্ছে ইউপি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ কাজ করলেও নির্বাচন কমিশনের অকার্যকারীতায় এবং সরকারি দলের প্রার্থীদের দৌরাত্ম্যে এ নির্বাচন তামাশায় পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সাইফুল হক বলেন, ‘সরকারি দল ও তাদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার হিড়িক শুরু হয়েছে। এটাকে সংশ্লিষ্ট এলাকার এমপি এবং দলীয় নেতারা ক্ষমতা ও যোগত্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দুই পর্বের নির্বাচনে দেশের অসংখ্য ইউপি বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে দেয়া হয়নি। যারা জমা দিয়েছেন এখন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়া হচ্ছে। হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার-আতঙ্ক তৈরি করে প্রার্থীদের এলাকা ছাড়া করা হচ্ছে।’
সাইফুল হক বলেন, ‘গত ৪ এবং ৫ মার্চ বাগেরহার্টের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক সাবুর পক্ষে নিবাচনী গণসংযোগকালে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হকের উপস্থিতিতেই সরকারি দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা প্রচারণায় বাধা দেন। তারা পোস্টার লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে। বিষয়টি থানা ও নির্বাচন অফিসে আবেদন করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। বরং এখন আমাদের প্রার্থী নিরাপত্তা নিয়েও হুমকির মধ্যে আছে।’
তিনি বলেন, ‘সরকারি দল ও তাদের নেতাকর্মীদের চাপ-হুমকি ও সন্ত্রাসী তৎপরতার সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনী অফিসে অভিযোগ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না। এ অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতই ইউনিয়ন পরিষদ নির্বাচনও অর্থহীন হয়ে পড়ছে।’
সাইফুল হক বলেন, ‘সরকার, সরকারি দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের অশুভ আঁতাতের কারণে গোটা নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণঅনাস্থা ও গণহতাশা তৈরি হচ্ছে। দ্রুত এ পরিস্থিতির পরিবর্তন না হলে নির্বাচনকেন্দ্রীক মাতামাতি আবারও এক বিরাট প্রহসনে পরিণত হবে।’সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, খলিলুর রহমান ও মীর মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।











