বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ করল নৌমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নারীদের লাঞ্চনার বিষয়ে বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ওই বক্তব্যও তিনি প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, বহুল আলোচিত গত বছর টিএসসিতে বর্ষবরণে সংগঠিত নারীদের উপর নির্যাতনের ঘটনাকে গুরুত্বহীন উল্লেখ করে শাহাজান খান বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির জীবনে বছরের প্রথম দিন। এই পহেলা বৈশাখে অনেক নারী-পুরুষ রাস্তায় থাকে। এই কোটি কোটি মানুষের দেশে ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ থাকে। তার মধ্যে এমন কী ঘটনা ঘটেছে যা সংবাদ হওয়ার মতো। একটা টুকিটাকি ঘটনা হতেই পারে। এতগুলো মানুষের মধ্যে এটা তেমন কোনো বিষয়ই না।’
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ‘নতুন ধারা’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের ১০ জন নারীকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।মন্ত্রী বলেন, ‘উন্নত দেশে এর চাইতে বেশি ঘটে। এর চেয়ে আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই সরকারের সমালোচনা করতে চান।’
এর একদিন পরই (বুধবার) নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বক্তব্যটি প্রত্যাহার করে নেন মন্ত্রী।ওই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান পহেলা বৈশাখে নারীদের লাঞ্চনার বিষয়ে তার বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা দেয়ায় তিনি সে বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সেজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।











