বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীর কাসেমের রায় কাল : রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

lidersজামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার রায় দেয়া হবে আগামীকাল (৮মার্চ) মঙ্গলবার। রায় নিয়ে দুই মন্ত্রী বিরুপ মন্তব্য করেছেন। বিএনপি নেতারা বলেছেন, এই ধরনের বক্তব্য বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। এবং দুই মন্ত্রীর বিচার চেয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিচার নিয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদিকে আজ থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে মীর কাসেমের ফাঁসির দাবিতে অবস্থান নিয়েছেন। মীর কাসেমের রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়।
বিচার বিভাগ নিয়ে কারো কোনো প্রকার মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। এটা বিচার বিভাগের বিষয়। আদালতের বিষয়। বিচার বিভাগ নিয়ে কারো কোনো প্রকার মন্তব্য করা উচিত হবে না বলে আমি মনে করি। সোমবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা মীর কাসেম আলীর বিচারপ্রার্থীরা হতাশ ও বিচার প্রার্থীদের মনে সন্দেহ রয়েছে বলে মনে করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় এই বিচার সম্পর্কে কথা উঠছে। প্রসিকিউশন রাজনীতি করছে, এ কথা উঠছে। অর্থাৎ জামায়াত-বিএনপি এবং তাদের লবিস্টরা যে সুরে কথা বলছে, সে কথাটা আজকে প্রধান বিচারপতি প্রকাশ্যে বলেছেন। ৬ মার্চ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক।
প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। তাকে নিয়ে মন্তব্য করা সমস্ত বিচার বিভাগকে হেয় করার শামিল। এতে ন্যায় বিচার ব্যাহত হবে। রোববার সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
বিচার বিভাগ ও প্রধান বিচারপতি নিয়ে কটাক্ষ করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ স ম মোজাম্মেল হকের অপসারণ দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। ৬ মার্চ রোববার আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
মীর কাসেম আলীর আপিল নিয়ে প্রধান বিচারপতির পর অ্যাটর্নি জেনারেলও ‘বিএনপির সুরে’ কথা বলছেন বলে আবারও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
“বিএনপির ভাষা এবং আমাদের অ্যাটর্নি জেনারেলের ভাষা একই, তিনি আর রিজভী একই সুরে কথা বলছেন,” বলেছেন তিনি। প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের আপিলের পুনঃশুনানির দাবি মন্ত্রী কামরুল তোলার পর মাহবুবে আলম বিচার নিয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ৬ মার্চ শনিবার নিজের দপ্তরে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য তাদের নিজস্ব মত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ৬ মার্চ রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমি কোনো সাবজুডিস (বিচারাধীন) ব্যাপারে মন্তব্য করব না।
আমি মন্তব্য করলে এটা ব্যাড প্রিসিডেন্ট (খারাপ দৃষ্টান্ত) হয়ে যাবে। সেই জন্য আমি এটার মন্তব্য করব না। যার যার ব্যক্তিগত মতামত প্রদান করার স্বাধীনতা দেশে আছে। ওনারা হয়তো বা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। আমি সেই সম্পর্কেও কোনো বক্তব্য দিতে চাই না।’
প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীন দলের দুই মন্ত্রীর বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ ও আদালত অবমাননার শামিল বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ধরনের বক্তব্য বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। ৬ মার্চ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশে বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ৬ মাচ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ নাকি স্বাধীন। অথচ প্রধান বিচারপতিকে যেভাবে অপমান করা হয়েছে, তা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। প্রধান বিচারপতির নিন্দা করে ও তাকে হেয় করে যারা বক্তব্য দিয়েছে, তাদের বিচার দেখতে চায় জনগণ। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ দেশের মানুষ আর এসব অবিচার মেনে নেবে না।

আমাদের সময়.কম