বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি ৭ মার্চের জনসভার

 

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।এ উপলক্ষ্যে বুধবার যৌথসভা করে দলটি। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনসভায় রেকর্ডসংখ্যক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

al1456923962

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে এটা আমাদের ৭ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। এছাড়াও ১৭ মার্চ ও ২৬ মার্চ আরও দুটি দিন রয়েছে। এই তিনটি গুরুত্বপূর্ণ দিন একই মাসে। এ লক্ষ্যে আমরা ধারাবাহিক প্রস্তুতি সভা করব। আমাদের লক্ষ্য থাকবে এই তিনটি দিবসকে যথাযথভাবে পালন করা। এতে যাতে রেকর্ড সংখ্যক অংশগ্রহণ হয় সেটা নিশ্চিত করার জন্য এই সভা করছি।’

 
এরপর মাহবুব উল আলম হানিফ আগামী ৭ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে যৌথসভার সূচি ঘোষণা করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল এগারটায় আওয়ামী-যুবলীগের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সভা হবে। আগামী ৪মার্চ সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে ছাত্রলীগের সঙ্গে দলের যৌথসভা অনুষ্ঠিত হবে। একইদিনে বিকেল ৫টায় ঢাকার দলীয় সংসদ সদস্য, দুই মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা হবে।

 

এছাড়াও ৫মার্চ সকাল ১১টায় ঢাকার পার্শ্ববর্তী জেলা নেতৃবৃন্দ এবং দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৫টায় ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সব পেশাজীবীদের সঙ্গে সভা হবে।
আগামী ৬মার্চ সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হবে বলে জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

 

তিনি আরো বলেন, ঢাকা শহরে ১৬টি নির্বাচনী এলাকা রয়েছে। তাই এসব এলাকার প্রত্যেকটিতে চারটি করে এলাকা ভাগ করে নিবেন। এসব এলাকায় মোট ৬৪টি মাইক লাগিয়ে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৭মার্চের জনসভার জন্য প্রচার করবেন। এটা আগামী ৫ ও ৬ মার্চ এই দুই দিন প্রচার করবেন।’প্রসঙ্গত, ১৯৭১ সালে ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আগামী ৭ মার্চ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাঈদ খোকন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য একেএম রহমতউল্লাহ, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মুকুল চৌধুরী, সংসদ সদস্য ফজলে নূর তাপস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার, লিয়াকত শিকদার, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।