শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের দালালি চলবে না স্বাধীন দেশে বসে : হানিফ

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে বসে একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দালালি করা চলবে না। আমরা একাত্তর সালে যাদের যুদ্ধ করে পরাজিত করেছি, তাদের কোনো প্রেতাত্মাকে এ দেশে দেখতে চাই না।’

hanif1456925769

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে ৭ মার্চের জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, ৭ মার্চ জাতির জন্য ঐতিহাসিক দিবস। ১৯৭১ সালে ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে এ ঘোষণা অনুযায়ী গোটা জাতি স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছিল।

 

তিনি আরও বলেন, যার ফলে পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে নয় মাসের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাই ৭ মার্চ জাতির জন্য গুরুত্বপূর্ণ দিবস।মাহবুল উল আলম হানিফ বলেন, আগামী ৭ মার্চের জনসভায় মানুষের ঢল নামিয়ে দিয়ে আওয়াজ তুলতে হবে- এই স্বাধীন বাংলাদেশে বসে একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দালালি করা চলবে না।

 

বিএনপির সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রতিনিয়ত বিতর্কিত করার চেষ্টা চলছে। তারা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। কারণ তারা তাদের প্রার্থী দিতে পারছে না। এ কারণেই তারা আবোল-তাবোল কথা-বার্তা বলছে।

 

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র সাঈদ খোকন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ কে এম রহমতউল্লাহ, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি মুকুল চৌধুরী, সংসদ সদস্য ফজলে নূর তাপস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার, ছাত্রলীগ প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।