অনেক পরিচালক সিনেমার প্রস্তাব দিয়ে ফোন করেন : সুজানা
মডেলিংয়ের ফাঁকে নাটকে নিয়মিত অভিনয় করছেন সুজানা জাফর। চলতি মাসে ইউটিউবে প্রচারিত মিজানুর রহমান আরিয়ানের ‘তাই তোমাকে’ নাটকে তাহসানের বিপরীতে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন এই মডেল-অভিনেত্রী। এখনকার কাজ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন তিনি।
প্রশ্ন : কেমন কাটছে আপনার সময়?
উত্তর : কাজ নিয়েই ব্যস্ত আছি। গতকাল (সোমবার) একটা ব্রাইডাল ফটোশুট করেছি।
প্রশ্ন : শুনলাম নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছেন?
উত্তর : হ্যাঁ। দেড় বছর পর নতুন কোনো বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছি। একটা ইলেকট্রনিক প্রোডাক্টের বিজ্ঞাপন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষের দিকে এর শুটিং করতে ভারতে যাব।
প্রশ্ন : ‘তাই তোমাকে’ নাটকটি দিয়ে তো ভালো সাড়া পেয়েছেন!
উত্তর : এতটা সাড়া পাবো ভাবিনি। কম-বেশি সবাই অনেক প্রশংসা করেছেন। ইউটিউবে নাটকটি প্রচারের পর আমার ফেসবুক বন্ধু ও ভক্তরা অনেক শুভেচ্ছা জানিয়েছিলেন। আসলে নাটকের গল্পটাই অনেক চমৎকার ছিল। নির্মাণও দারুণ হয়েছে। সহশিল্পীরা ছিলেন অনেক আন্তরিক।
প্রশ্ন : মডেলিং থেকে নাটক করছেন। চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে আছে কি?
উত্তর : ভালো চিত্রনাট্য পেলে চলচ্চিত্রে অভিনয় করব। গল্পের গাঁথুনি অনেক মজবুত হতে হবে। অনেক পরিচালক সিনেমার জন্য ফোন করেন কিন্তু তাঁদের বলা গল্প আমার পছন্দ হয় না। এ জন্য এখনো আমি চলচ্চিত্রে অভিনয় করছি না। ভালো পরিচালকের কাছ থেকে মনের মতো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে চলচ্চিত্রে অভিনয় করতে কোনো আপত্তি নেই।
প্রশ্ন : ভালো চিত্রনাট্য বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন?
উত্তর : যেমন আমার খুব পছন্দের ছবি ‘হঠাৎ বৃষ্টি’। ছবিটা কিন্তু সবার ভালো লেগেছে। আমিও এ ধরনের ছবিতে কাজ করতে চাই। যে ছবিটি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে দেখা যাবে, আর আমিও অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব। এনটিভি











