বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন অনুষ্ঠিতব্য এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৈষম্য কমানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগ বাড়ানো, দক্ষ জনশক্তি রপ্তানি সম্প্রসারণ এবং অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার বিষয়ও গুরুত্ব পাবে।

বর্তমানে মালয়েশিয়ায় আট লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। শ্রমবাজারকে আরও সম্প্রসারণের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য বৈষম্যও আলোচনার অন্যতম বিষয় হতে পারে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২৮০ কোটি ডলারের হলেও বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। শুল্ক ও অশুল্ক বাধা কমানো গেলে রপ্তানি বৃদ্ধি সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করছেন।

হালাল শিল্পেও বড় সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ার বিশাল হালাল বাজারে বাংলাদেশি প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে বলে তারা মনে করছেন।

প্রায় এক দশক ধরে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনায়ও সফরে নতুন গতি আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এফটিএ বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এছাড়া মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হতে পারে।

বর্তমানে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও সফরের আলোচনায় থাকতে পারে।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তারা শ্রমবাজার সম্প্রসারণ, কলিং ভিসা ব্যবস্থা উন্নয়ন এবং অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার মতো বিষয়গুলো সমাধানের প্রত্যাশা করছেন।