,

আর্থিক চাপের মধ্যে ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়ডায় একটি বহুতল ভবনের ৪৩ তলা থেকে পড়ে সম্ভভ জৈন নামে ২৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তিনি আর্থিক সংকটে ছিলেন বলে জানা গেলেও মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
শনিবার নয়ডার সেক্টর-৯৪ এলাকার সুপারনোভা কমপ্লেক্সের স্পাইরা টাওয়ারে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, হরিয়ানার মানেসরের বাসিন্দা সম্ভভ জৈন শুক্রবার ভবনটির একটি এয়ারবিএনবি কক্ষে উঠেছিলেন। শনিবার দুপুরে তার সেখান থেকে বের হওয়ার কথা ছিল। এর আগেই তিনি ভবনের ৪৩ তলার একটি বারান্দা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঘটনার আগে এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেন। ভবনের আশপাশে থাকা আরও কয়েকজনও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি।
পুলিশের তথ্যমতে, ঘটনার আগে সম্ভভ তার বাবাকে কয়েকবার ফোন করেছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তার গুরুতর আর্থিক চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ঠিক কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন, তা এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি ভবন ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ভবনে এর আগেও এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৫ সালের আগস্টে ২৩ বছর বয়সী এক আইন শিক্ষার্থী ৩২ তলা থেকে পড়ে মারা যান। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ভবনটির ৪৩ তলা থেকে এক সম্পত্তি পরামর্শকেরও মৃত্যু হয়েছিল।