,

পর্যটন পুরস্কার পেল শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগের পুরস্কার পেয়েছে ‘শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন’।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন উদ্যোগটির উদ্ভাবক ও আমাদের সময়ের সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এ বছর পর্যটন খাতের ১৬টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন উদ্যোগকে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারের অন্যান্য ক্যাটাগরিতে বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। চার তারকা হোটেলের পুরস্কার পেয়েছে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হোটেলের স্বীকৃতি পেয়েছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হয়েছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড এবং ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে শেয়ারট্রিপ লিমিটেড। বিনোদন পার্ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।
তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান, সেরা হোমস্টে হিসেবে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস এবং ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন) পুরস্কার পেয়েছেন।
এ ছাড়া পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগে বিডি টিকেটস, পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নুরানী শারমিন আফরোজ, ট্যুরিস্ট ভেসেল হিসেবে এমভি মালঙ্গী এবং ট্যুর গাইড হিসেবে মো. সারোয়ার জাহান নির্বাচিত হয়েছেন।
মাইস উদ্যোগের পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পর্যটন সাংবাদিকতায় পুরস্কৃত হয়েছেন মো. নাঈম উল ইসলাম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপিসহ মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।