কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার
মোক্তাদির হোসেন প্রান্তিক
তিন মাস আগে বিপুল প্রত্যাশা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে প্রশাসনের প্রতিটি স্তরে সক্রিয়তা বাড়ানো হয়। ফ্যামিলি কার্ড থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নদী খনন থেকে জ্বালানি নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান- বিস্তৃত নানা উদ্যোগে সরকারের তৎপরতা দৃশ্যমান হলেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনও পুরোপুরি পূরণ হয়নি। সরকারের দাবি, প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দ্রুত অগ্রগতি হচ্ছে; তবে বিরোধী দলগুলোর অভিযোগ, বাজারব্যবস্থা, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক চাপের মতো মৌলিক সংকট এখনও কাটেনি। ফলে নতুন সরকারের প্রথম ৯০ দিন ঘিরে যেমন আশাবাদ তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক বিতর্ক ও সমালোচনাও সমানতালে সামনে এসেছে।
গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। শুরুতেই সরকারের প্রথম ১৮০ দিন ঘিরে কার্য কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিটি মন্ত্রণালয়ে নিয়মিত সভা হচ্ছে, যেখানে উপস্থিত থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারপ্রধানের আন্তরিকতা ও দৃঢ়তা, স্বপ্রণোদিত ও নজিরবিহীন উদ্যোগ; বিস্তৃত কর্মযজ্ঞকে বাংলাদেশের রাজনীতির বড় সাংস্কৃতিক পরিবর্তনও বলা হচ্ছে। কেননা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু উদ্যোগ দৃশ্যমান করতে কাজ করেছে সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, নদী খনন, জ্বালানি নিয়ন্ত্রণ, ফুয়েল কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ধর্মীয় সম্প্রীতি, জাকাত আধুনিকায়ন, প্রবাসী কার্ড, হজ খরচ হ্রাস, বন্ধ কারখানা চালুর উদ্যোগ, ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম উদ্যোগ, ট্রিলিয়ন ডলার অর্থনীতি, জিডিপি লক্ষ্যমাত্রা বৃদ্ধির কৌশল, বিদেশি বিনিয়োগ, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, মালয়েশিয়া শ্রমবাজার, ইউরোপে শ্রমবাজার, দক্ষতা বৃদ্ধি, পে-পাল, স্বাস্থ্যকর্মী নিয়োগ, ই-হেলথ কার্ড, শিক্ষা ফি বাতিল, উচ্চশিক্ষায় ঋণ, বাধ্যতামূলক খেলাধুলা, ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু, স্কুল কিট, মাদরাসা আধুনিকায়ন, সবুজ বনায়ন, মিতব্যয়িতা, প্রটোকল সংস্কার, ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর বাধ্যতামূলক করা, মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি বাতিল, পাটের ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধ, টিকাদান কর্মসূচি, চাঁদাবাজিবিরোধী অভিযান, ইলেকট্রিক বাস, নদী রক্ষা আইন, জ্বালানি সাশ্রয়, মেধাভিত্তিক নিয়োগ, জ্বালানি নিরাপত্তা, ফুটপাত পুনর্বাসন, বাকস্বাধীনতা, থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ, ফ্রি ইন্টারনেট, অর্থনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থ পাচার রোধ, উপকূল রক্ষা, মানবাধিকার রক্ষা, সবশেষ পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। কোনো কোনো উদ্যোগ শতভাগ দৃশ্যমানের কাছাকাছি বলেও দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের নেওয়া দৃশ্যমান পদক্ষেপ দেশের উন্নয়নের জন্য একটি ইতিবাচক দিকনির্দেশ করে। কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, কিছু চলমান এবং কিছু পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তবে এখনও দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বেকারত্ব কমেনি, সাধারণ মানুষ অর্থনৈতিক চাপ অনুভব করছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে। তাই সামগ্রিকভাবে নিরাপদ ও স্বস্তিদায়ক সমাজ নিশ্চিত না হলে উন্নয়নকে পুরোপুরি পর্যাপ্ত বলা কঠিন। তবে বাস্তবতা হলো, এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো-স্বচ্ছতা বজায় রেখে প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া।
অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ আমাদের সময়কে বলেন, ‘বর্তমান সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। অর্থনৈতিক কাঠামোসহ সবক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিকে পুনর্গঠন করতে কিছু সময় লাগবে। তবে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখে মনে হচ্ছে, সরকার তার কাক্সিক্ষত লক্ষ্যেই অগ্রসর হচ্ছে। সরকারকে সময় দিতে হবে এবং সরকারের ওপর আস্থা রাখতে হবে। তিন মাসেই যদি সব কাজ শেষ করা যেত, তাহলে বাকি সময়ের দরকার হতো না? ’
এদিকে আজ নতুন সরকারের ৯০ কার্যদিবস অতিবাহিত হচ্ছে। সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে ১৮০ দিনের কর্মসূচিতে শতভাগ নয়; বরং শতভাগের কাছাকাছি সফলতার দিকে অগ্রসর হচ্ছে সরকার। প্রতিবেশী দেশ ভারত-বাংলাদেশ ইস্যুতে দুই দেশের সম্পর্ক ইতিবাচক করতেও নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও জনমনে প্রত্যাশা আছে জুলাই-পরবর্তী সময়ে আত্মমর্যাদা ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনার। হয়তো সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই হতে পারে সেই প্রত্যাশার ভিত্তি’; কিন্তু সরকারের সফলতার পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে সমালোচনা উঠেছে; সংসদের বিরোধী দল বলছে- নতুন সরকারের যাত্রা পথে ৯০ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাজারব্যবস্থা, গণরায়ের গণভোট উপেক্ষিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, অর্থনৈতিক ভঙ্গুরতা, বিনিয়োগ আসছে না। এ ছাড়া যে দলীয়করণের কারণেই স্থানীয় সরকারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিশেষ করে নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এই সরকারও দলীয় প্রশাসক বসিয়েছে। অথচ জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনপ্রাপ্ত হয়ে আজকে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনসাধারণের প্রত্যাশা পূরণের জন্য অবিরত, অনিঃশেষ কাজ করে গেলেও সর্বক্ষেত্রে দলীয়করণের প্রভাবকে ভিন্ন চোখে দেখছেন সংসদের বিরোধী দল ও রাজনৈতিক দলগুলো।
দলগুলোর ভাষ্য, নতুন সরকারের সাফল্য নির্ভর করবে ঘোষিত অগ্রাধিকারগুলো কত দ্রুত দৃশ্যমান ফল দিতে পারে তার ওপর। বিশেষ করে বাজারব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ¦ালানি পরিস্থিতির দ্রুত উন্নতি এলে সরকারের প্রতি জনআস্থা বাড়বে। যেহেতু সরকার গঠনের প্রথম দিনেই দ্রুত সিদ্ধান্ত ও কর্মতৎপরতা দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন; এই সরকারের লক্ষ্য কেবল ক্ষমতায় বসা নয়, বরং কার্যকর শাসন প্রতিষ্ঠা করা। এখন দেখার বিষয়, এই ঘোষিত অগ্রাধিকার কত দ্রুত বাস্তবে প্রতিফলিত হয়।
এর আগেও সরকারের ৬০ কর্মদিবসে ৬০ দৃশ্যমান পদক্ষেপ তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আমাদের সময়কে বলেন, ‘একটি সরকার তার মেনিফেস্টো অনুযায়ী দেশ পরিচালনা করবে-এটাই স্বাভাবিক। এই সরকারও তাই করছে। কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গণভোটের ‘গণরায়’ বাস্তবায়ন না করায় সরকারের মূল প্রাপ্তি শূন্য বলে মনে করছে জামায়াত। একইসঙ্গে দলীয়করণের মাধ্যমে সবক্ষেত্রে বিশেষ করে বিশ^বিদ্যালয় ভিসি, সিটি করপোরেশনে প্রশাসক, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে গণ-অভ্যুত্থানের স্পিরিটকে প্রকৃত অর্থে ক্ষতির মুখে টেলে দিয়েছে; যা গণ-অভ্যুত্থান-পরবর্তী গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।’
এদিকে গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আবার প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করছে। আসছে বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিকসংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের ১ মাসের মধ্যে সেটা শুরু করেছি। দেশের মানুষ স্থিতিশীলতা চায়। একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকব না।
সরকারের ৯০ দিন মূল্যায়ন সম্পর্কে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আমাদের সময়কে বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ১৮০ দিনের কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে অনেককিছু দৃশ্যমান রয়েছে। প্রতিটি মন্ত্রণালয় দৃশ্যমান কাজ করে যাচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় এরই মধ্যে ১৮০ দিনের কর্মসূচির ৭০ থেকে ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করার পথে; আশা করি, নিদিষ্ট দিনের মধ্যেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। তিনি বলেন, সরকার এমন বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, ‘সবার আগে বাংলাদেশ’।
জানতে চাইলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ আমাদের সময়কে বলেন, ‘সরকারের কার্যক্রমে জনগণের কোনো আশার আলো দেখা যাচ্ছে না। সরকার গঠনের আগে বিএনপির স্লোগান ছিল-সবার আগে বাংলাদেশ; এখন দেখা যাচ্ছে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মার্কিন পররাষ্ট্রনীতি মেনেই তার রেখে যাওয়া সব চুক্তি বাস্তবায়ন করছে; এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে রেখে যাওয়া গোলামি চুক্তিও বহাল রেখেছে।’ তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি; এখনও সারাদেশে মবতন্ত্র চলছে। দেশের অর্থনীতি ঘাটতির দিকে যাচ্ছে, উৎপাদনমুখী না হয়ে সরকার নতুন করে ঋণের দিকে অগ্রসর হচ্ছে।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির তিন মাস : অগ্রগতি নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমাদের সময়কে বলেন, নির্বাচনী কমিটমেন্ট আমরা পালন করব। কমিটমেন্ট অনুযায়ী কাজ করছি। ইতোমধ্যে তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বেশি এক্টিভ। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে। আমরা প্ল্যান বানিয়ে ফেলেছি। আশা করি, প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন করবেন। তারপর কাজ হবে কোন জেলায় কোন গাছ লাগাবো, কোন পরিবেশে কোন গাছের জন্য ভালো। যেমন- যেখানে তালগাছ লাগানো দরকার, সেখানে তালগাছ লাগাবে, যেখানে খেজুরগাছ দরকার, খেজুর গাছ লাগাবে। কারণ খেজুরগাছ বা তালগাছ বা আমগাছ, এগুলোর একটা অর্থনৈতিক এবং পুষ্টি নিরাপত্তার একটা ব্যাপার আছে। সেজন্য আমরা খুব কেয়ারফুলি গাছ সিলেকশন করছি। এবারে প্রথম বছর হয়তো পুরোপুরি বাস্তবায়ন না-ও হতে পারে। মানে চারা তো বানাতে টাইম লাগে, চারা তো আর আজকে বললে কালকে হয় না। আগামী বছর যেটা আমরা করব এটা হলো জেলা ওয়াইজ, যেখানে যে গাছ দরকার তা লাগাব। একটা বিষয় সুন্দরবনের ম্যানগ্রোভ তো আলাদা জিনিস। কিছু কিছু চর নতুন উঠছে, ওখানে ম্যানগ্রোভ করা বা হিল ট্র্যাক্টসে এক ধরনের গাছ লাগাব। ৬৪ জেলার পরিবেশ, প্রতিবেশ, ইকোলজি মানে আবহাওয়ার ধরন দেখে ওখানে গাছ লাগানো হবে।
রাজধানীতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষের মধ্যে যেমন আশা তৈরি হয়েছে, তেমনি কিছু উদ্বেগও দেখা দিয়েছে। গত কয়েক বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা ধরনের চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। মত প্রকাশের সীমাবদ্ধতা, রাজনৈতিক সহিংসতা, বিরোধী মত দমনের অভিযোগ, গুম-গ্রেপ্তার নিয়ে আলোচনা, নির্বাচনকে ঘিরে বিতর্ক এসব বিষয় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ ছিল। তাই জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশাও অনেক বেশি। মানুষ চায় এমন একটি সরকার, যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে দেশের পরিস্থিতির পরিবর্তন আনবে।









