রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতে লুটপাটের ক্ষয় ও সংকট উন্মোচন, ফেরেনি স্বস্তি

news-image

জিয়াদুল ইসলাম
দেশের ব্যাংকিং খাতের ভেতরের দুর্বলতা, লুটপাট ও অব্যবস্থাপনার গল্প নতুন নয়। তবে যেটি দীর্ঘদিন আড়ালে ছিল, সেটি ২০২৫ সালে প্রকাশ্যে আসে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব, ব্যাংক দখল, অর্থপাচার ও লাগামহীন খেলাপি ঋণের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তার বোঝা শেষ পর্যন্ত পুরো আর্থিক ব্যবস্থাকেই নড়বড়ে করে তোলে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত খেলাপি ঋণ, তারল্য সংকট, দুর্বল ব্যাংকের অস্তিত্ব সংকট, আমানতকারীর আস্থাহীনতা ও কেন্দ্রীয় ব্যাংকের কড়া নজরদারিÑ সব মিলিয়ে খাতটি ছিল চাপের মধ্যেই। ফলে ২০২৫ সাল একদিকে যেমন সংকট উন্মোচনের বছর, অন্যদিকে ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনের ভিত্তি তৈরির বছর হিসেবেও চিহ্নিত হয়ে থাকবে।

খাত সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল, অব্যবস্থাপনা, ঋণ জালিয়াতি, লুটপাট ও অর্থপাচারের মতো ঘটনায় দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়ে। এই সংকট প্রকাশ্যে আসার পর ২০২৫ সালে নানামুখী সংস্কার উদ্যোগ, কঠোর নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং কিছু সাহসী পদক্ষেপ নেওয়া হলেও ব্যাংকিং খাত এখনও স্থিতিশীল হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে চলমান সংস্কার পদক্ষেপ অব্যাহত রেখে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে নতুন বছরের মূল চ্যালেঞ্জ।

দুর্বল ব্যাংক একীভূতকরণ, আমানতকারীদের ভোগান্তি : ব্যাংক খাতের চলমান সংকট মোকাবিলায় ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নেয়, তা হলো দুর্বল ব্যাংক একীভূতকরণ। তারল্য ঘাটতি, মূলধন ঘাটতি ও অনিয়মে জর্জরিত পাঁচটি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে বড় একটি ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এগুলো হলোÑ এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। এরই মধ্যে নতুন ব্যাংকের লোগো উন্মোচন করা হয়েছে। নতুন বছরের শুরুতে এই ব্যাংক আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে। তবে এই উদ্যোগের আগে পাঁচ ব্যাংকের আমানতকারীরা নিজেদের জমানো টাকা তুলতে না পেরে চরম ভোগান্তির শিকার হন। চিকিৎসা, ব্যবসা কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে কষ্টার্জিত সঞ্চয় তুলতে না পেরে বহু মানুষ অসহায় হয়ে পড়েন। বারবার আশ্বাস দেওয়া হলেও দ্রুত সমাধান না হওয়ায় গ্রাহকের মধ্যে ক্ষোভ ও আস্থাহীনতা বাড়তে থাকে। তবে বছরের শেষ সময়ে একটি স্কিমের আওতায় আমানতকারীদের অর্থ ফেরতের জন্য একটি সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই স্কিম অনুযায়ী, যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাঁরা যে কোনো সময় নতুন গঠিত ব্যাংক থেকে তা উত্তোলন করতে পারবেন। যাঁদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ পরিশোধ করা হবে কিস্তিতে।

প্রথম ২ লাখ টাকা যে কোনো সময় উত্তোলন করা যাবে। পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে। তিন মাস বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতের (এফডিআর) ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্কিম অনুযায়ী, এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

খেলাপি ঋণের বিস্ফোরণ, রেকর্ড প্রভিশন ঘাটতি : আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে কিছু গ্রুপ ঋণের নামে বিপুল অর্থ বের করে নেয়। এ ছাড়া তাদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দেওয়া হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই নীতি থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ বন্ধ হয়ে যায়। আগে যেসব ঋণ পরিশোধ না হলেও কাগজে ‘নিয়মিত’ হিসেবে দেখানো হতো, সেগুলো এখন মন্দ ঋণ হিসেবে চিহ্নিত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ শ্রেণিকরণের নীতিমালা কঠোর করা হয়েছে। এতে খেলাপি ঋণের এক প্রকার বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টেকাটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা বা ২০ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ ২০২৫ সালের প্রথম ৯ মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২ লাখ ৯৮ হাজার ৭৫০ কোটি টাকা। এদিকে, খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধির কারণে দেশীয় ৫২টি ব্যাংকের মধ্যে ২৬টি নিয়ম অনুযায়ী প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ১২টি ব্যাংকের ঘাটতি অতিমাত্রায় রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি কয়েকটি বেসরকারি ও শরিয়াহ ব্যাংকে প্রভিশন ঘাটতি সবচেয়ে বেশি।

উচ্চ সুদ ও ঋণ প্রবৃদ্ধিতে ধাক্কা : আইএমএফের পরামর্শে গত বছরের মে মাসে সুদহার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কড়াকড়ি মুদ্রানীতি বজায় রেখে নীতি সুদহার অপরিবর্তিত রাখে। ফলে ঋণের সুদহারও আর কমেনি। বর্তমানে সুদহার ১৫ থেকে ১৬ শতাংশে রয়েছে। এই উচ্চ সুদে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে গেছে। এ ছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দিক থেকেও নতুন বিনিয়োগে অনাগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে বেসরকারি ঋণপ্রবৃদ্ধিতে বড় ধাক্কা লেগেছে। গত অক্টোবর শেষে বেসরকারি খাতে ঋণের বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২৩ শতাংশে নেমে আসে, যা ইতিহাসে সর্বনিম্ন।

রিজার্ভে উত্থান, ডলার বাজারে স্থিতি : নানা সংকটের মধ্যেও ২০২৫ সালে ব্যাংকিং খাতে কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা ব্যাংকিং খাত ও ডলার বাজারে বড় স্বস্তি এনেছে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে আন্তঃব্যাংকে প্রতি ডলারের দাম ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থান, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের মানোন্নয়ন রেমিট্যান্স বাড়াতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে রপ্তানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে। এতে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় নিয়মিত উদ্বৃত্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমশ শক্তিশালী হচ্ছে। গত ২৪ ডিসেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ওই দিন গ্রস রিজার্ভের পরিমাণ এখন ৩৩ বিলিয়ন ডলারের কাছাকাছি।

নতুন বছরের চ্যালেঞ্জ : দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবের ভার বইতে বইতে বাংলাদেশের ব্যাংকিং খাত ২০২৫ সালে এসে নিজের প্রকৃত সংকট উন্মোচন করেছে। ২০২৬ সালে ব্যাংকিং খাতের সামনে সবচেয়ে বড় প্রশ্নÑ এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে কি না। নতুন বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে খাতটির সামনে একাধিক কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে খেলাপি ঋণের নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। দুর্বল ব্যাংক একীভূতকরণ, রেজল্যুশন প্রক্রিয়ার সফল বাস্তবায়ন এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করাও হবে আরেকটি বড় চ্যালেঞ্জ।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল