ব্যাংকক থেকে দেশে আসলেন মির্জা ফখরুল, গেলেন আব্বাস
স্টাফ রিপোর্টার : চিকিৎসা শেষ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল। এর আগে এদিন সকাল ১১টায় থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন মির্জা আব্বাস। সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস। ব্যাংককের রুটনিন আই হসপিটালে চোখের চিকিৎসা নেবেন তিনি।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, চোখের চিকিৎসা নিতে স্যার ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে। দু-দিন পরই স্যারের অস্ত্রোপচার হবে। আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।
এদিকে ১৩ আগষ্ট বুধবার সকাল সোয়া ১১টায় থাই এয়ারওয়জেরে একটি ফ্লাইটে মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান। চিকিৎসকদের পরামর্শে চোখের ফলোআপের জন্য তিনি ব্যাংককের রুটনিন আই হাসপাতালে গিয়েছেন। এর আগে গত ১৪ মে একই হাসপাতালে তাঁর রেটিনায় অস্ত্রোপচার করা হয়। ব্যাংকক যাওয়ার আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করে গিয়েছেন ফখরুল।











