স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে সরাসরি নিজের পদত্যাগপত্র হস্তান্তরের মাধ্যমে সংসদ সদস্য পদের সমাপ্তি ঘটান তিনি।
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ভাঙচুর ও ধ্বংসযজ্ঞে এমপি মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদ ছাড়ার কঠোর নির্দেশ দেন।
এই একই ঘটনার জের ধরে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির হাইকমান্ড। পাশাপাশি বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে একযোগে বহিষ্কার করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তবে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।











