দেশ যেন চরমপন্থি-মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে : তারেক রহমান
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এ দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। এই সত্যটাকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, যে স্বৈরাচারকে মানুষ প্রতিহত করেছে সেই স্বৈরাচারের জাগরণকে প্রতিহত করতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতোই। এইদেশ যেন চরমপন্থা বা মৌলবাদের কোনো অভয়ারণ্য হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কবি সাহিত্যিকদের কাছে মানবসভ্যতা বিভিন্নভাবে ঋণী হয়। তারা আমাদের মতো সাধারণ মানুষের অব্যক্ত অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। তেমনিভাবে বিজয়ের আনন্দের বার্তাবাহক হিসেবেও আবির্ভূত হন। আমাদের মন যেটা বলতে বা শুনতে চায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন কারণে প্রকাশ করতে পারি না, সীমাবদ্ধতা থাকে।
উপস্থিত কবি-সাহিত্যিকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা আমাদের সেই কথাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আপনারা আমাদের মনোজগতে স্থান করে নিতে পারেন। আমি মনে করি আপনারা সেখানেই অসাধারণ এবং আমরা সাধারণ। যুগে যুগে এই কবি-সাহিত্যিকরাই নির্ভীক চিত্তে মুক্তির কথা বলেছেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সংগীত ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস।
এ সময় তারেক রহমান শেক্সপিয়ারসহ বেশ কয়েকজন কবি ও সাহিত্যিকের নাম উল্লেখ করে বলেন, ঠিক তেমনিভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ মহাদেশে হয়ে ওঠেন পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, ঠিক এমনিভাবে কবিতা ও দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সঙ্গে একাকার হয়ে উঠেছিল। আবার যুদ্ধ শেষে দেশগঠনে শহীদ জিয়াউর রহমানের সমেয়ে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এই গানটি তার দল বিএনপির দলীয় সংগীত হয়ে উঠেছে। এই বিশ্বাস জাতীয়তাবাদী প্রতিটি নেতাকর্মীর মাঝে রয়েছে। একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনের প্রথম ও শেষ বাংলাদেশি হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়।
অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় কবিতা পরিষদের সাধারন সম্পাদক রেজাউদ্দিন স্টালিন, এসময় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদূদ হোসেন আলমগীর, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইসতিয়াক আজীজ প্রমুখ।











