গুলশানে চাঁদাবাজিকান্ডে সরকারের উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন আহমদ
স্টাফ রিপোর্টার : গুলশানে চাঁদাবাজিকান্ডে সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত রয়েছেন কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার।
তিনি বলেন, গুলশানকাণ্ডের যদি তদন্ত না হয়, উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, অপুর দেওয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করা হয়েছে। অপুর স্ত্রীর বক্তব্যের পর ঘটনা নতুন দিকে মোড় নিতে শুরু করে।
শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক এই জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। আটক হওয়া প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ডে রয়েছেন।











