তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : দেশের নতুন চার কোটি ভোটারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত দেড় দশকে চার কোটির বেশি নতুন ভোটার হয়েছেন। কিন্তু ফ্যাসিবাদ চক্র তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। সামনে জাতীয় নির্বাচন। এবার তোমাদের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’ এ সময় নতুন ভোটারের কাছে ধানের শীষের জন্য ভোট চাইতে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি তারেক রহমান এসব কথা বলেন।
দেশের তরুণ প্রজন্ম, ছাত্রদলের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে।’
আগামী দিনে মায়ের চোখের মতো নবীন-প্রবীণের একটি বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আসন্ন নির্বাচনে গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটারসহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই।’
বাংলাদেশের মানুষ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায়।
শিক্ষা ও কর্মসংস্থানে গুণগত পরিবর্তনের অঙ্গীকার
তারেক রহমান বলেন, ‘ভবিষ্যতের শিক্ষানীতিতে আমরা চাই স্কুল থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সংযোগ। যাতে একজন শিক্ষার্থী কোনো কারণে ড্রপ আউট হলেও তাকে বেকার থাকতে হবে না। বিশ্ববিদ্যালয় শেষে চাকরির জন্য পথে বসে না থেকে নিজের দক্ষতা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।’
তিনি বলেন, ‘বিএনপি পরিকল্পনা করছে স্কুল পর্যায়ে আইটি, খেলাধুলা, আর্ট কালচার, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ান ও অন্যান্য কারিগরি শিক্ষা চালু করার। এর পাশাপাশি থাকবে একাধিক ভাষা শিক্ষার সুযোগ। ইংরেজি ভাষার ওপর আরও জোর দেবে বিএনপি। পাশাপাশি আরবি, জার্মান, ফরাসি, জাপানি ও চীনা ভাষা শেখার সুযোগ থাকবে। সম্ভব হলে আমরা প্রাইমারি লেভেল থেকে তৃতীয় ভাষা এবং হাইস্কুল থেকে আরও একটি ভাষা যোগ করতে চাই। এর ফলে তারা বিদেশে গিয়েও কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।’
তিনি বলেন, ‘তারুণ্য শক্তি এবং নারী শক্তিকে বাইরে রেখে একটি রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। শুধু রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের প্রয়োজন শিক্ষিত, দক্ষ, প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন একটি প্রজন্ম, যারা জ্ঞান ও মানবিকতা দিয়ে দেশকে নেতৃত্ব দেবে। নারী শিক্ষার প্রসার, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। কৃষি, ক্রীড়া, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে সব কর্মপরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয়, তার জন্য প্রয়োজন তারুণ্যনির্ভর একদল মেধাবী মানুষ।’
ই-কমার্স ও উদ্যোক্তা উন্নয়নে বিস্তৃত পরিকল্পনা
বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের সরবরাহ বাড়াতে বিশ্বমানের ই-কমার্স প্ল্যাটফর্মে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আলিবাবা, অ্যামাজনসহ বিশ্বে ই-কমার্সের হাজারও পণ্যর চাহিদা বেড়ে চলেছে। আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি, তাহলে তারা বাংলাদেশ থেকে নিতে প্রস্তুত আছে।’
তিনি বলেন, ‘আমরা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি করার উদ্যোগ নেব। আজকের তরুণ প্রজন্মের জন্য দেশের প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে লাখো কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পার।’
আউটসোর্সিং করে বৈদেশিক আয় দেশে আনার নীতিগত উদ্যোগ
ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় আয় করলেও অনেকেই তা দেশে আনতে পারছেন না- এই সমস্যা সমাধানে বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক লেনদেন নিরাপদ করতে জরুরি নীতিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেন তারেক রহমান।
তিনি বলেন, ‘বর্তমানে তরুণ প্রজন্মের ১০ লাখের বেশি ভাইবোন আউটসোর্সিংয়ের মাধ্যমে শতকোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কিন্তু আন্তর্জাতিক গেটওয়ের কারণে তাদের দেশে বৈদেশিক মুদ্রা আনতে সমস্যা হচ্ছে। আমরা এরই ভেতরে সংশ্লিষ্ট পেপ্যাল ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের এই সমস্যা নিয়ে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করতে পারব ইনশাআল্লাহ।’
ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার
তারেক রহমান বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রথাগত ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন-প্রশাসনের জন্য শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। জ্ঞান অর্জন এবং লেখাপড়া হবে শিক্ষার্থীদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, ‘দেশকে দাবিদার রাষ্ট্রে পরিণত করতে বিগত দেড় দশক ফ্যাসিবাদ চক্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। নানা অপকৌশলের আশ্রয় নিয়েছিল। আগামী দিনে লেখাপড়ার একটি নিরাপদ, সুন্দর পরিবেশ, ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে অনলাইন এবং অফলাইনে আধুনিকায়ন করা হবে।’
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিদ্যালয় ও কলেজে আবাসন সংকট নিরসন, হলগুলোকে বসবাস উপযোগী করা এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আবাসিক হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাব বিএনপির কাছে উপস্থাপনের জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহিদ ও বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু ইয়াহিয়া আফসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।











