রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ ও কক্সবাজারের ঘটনায় অস্বস্তিতে এনসিপি

news-image

পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা ও সংঘর্ষ এবং কক্সবাজারে বিএনপি নেতাকে নিয়ে কটূক্তির জেরে মঞ্চ ভাঙচুরের ঘটনায় অস্বস্তিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেকেই বলছেন, দুটি ঘটনায় এনসিপির ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ন হয়েছে। কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, ‘এনসিপিকে আত্মসমালোচনা করতে হবে। তারা যে ভুল করছে সেটার পর্যালোচনা করতে হবে। জুলাই হিরো হিসেবে তাদের কাছে এসব অপ্রত্যাশিত। রাজনীতি করতে হবে পরিশুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায়। গালাগালির রাজনীতি আমরা তরুণদের কাছ থেকে আশা করি না।’

দলটির শৃঙ্খলা কমিটির প্রধান ও যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, ‘জুলাই পদযাত্রায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। গোপালগঞ্জ ও কক্সবাজারের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। তবে সব জেলায় পদযাত্রা শেষে আমরা সার্বিক বিষয় মূল্যায়ন করব। পদযাত্রায় হওয়া বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক বিষয় আমরা পর্যালোচনা করব।’

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির আরেক নেতা বলেন, ‘গোপালগঞ্জে হামলার ঘটনা এবং কক্সবাজারে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে দলে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। তবে কেউ চিন্তিত নন। কক্সবাজারে মঞ্চ ভাঙচুরের পর বিভিন্ন স্থানে হুমকি দিচ্ছে বিএনপির নেতা-কর্মীরা। এতে প্রমাণিত হয়েছে যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসলেই সত্য কথা বলেছেন।’

আরেক নেতা বলছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য এনসিপির দলীয় বক্তব্য নয়। রাজনীতিতে ভিন্ন ভিন্ন পজিশন থাকে। রাজনীতিবিদদের বক্তব্যে সেটি প্রকাশ পায়। অনেক সময় সত্যটা সোজাভাবে না বলে ঘুরিয়ে বলতে হয়।

গত ১৬ জুলাই এনসিপি গোপালগঞ্জ জেলায় পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। সেই কর্মসূচি ঘিরে কয়েক দিন আগে থেকেই উত্তেজনা পরিলক্ষিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে এনসিপির নেতারা বিভিন্ন ধরনের পোস্ট দেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরাও পাল্টা পোস্ট দেন। তাদের কেউ কেউ পদযাত্রা আটকে দেওয়ার আহ্বান জানান। কিন্তু এনসিপির সমাবেশস্থলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাণহানি ঘটে পাঁচজনের। এই ঘটনার পর জারি করা হয় কারফিউ। অনেককে আটক করা হয়েছে এবং এখনো হচ্ছে। তবে এই কড়াকড়ির সমালোচনাও হচ্ছে। কারণ গোপালগঞ্জের সবাই তো নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মী নন। জুলাই আন্দোলনে এ জেলায়ও বেশ কয়েকজন শহিদ হয়েছেন। ফলে নানা ধরনের মন্তব্য আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে মন্তব্য করেছেন। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জেলা হিসেবে গোপালগঞ্জের প্রতি কোনো বৈষম্য না করার কথা বলেছেন দলটির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

অন্যদিকে গত শনিবার কক্সবাজারে বক্তব্য রাখার সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির একজন নেতাকে ইঙ্গিত করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’

এই বক্তব্যের পর পরই বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। চকরিয়ায় এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেন তারা। বাঁশখালীতে এনসিপির একজনের ওপর হামলা করা হয়।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিসহ বিভিন্ন দলের সিনিয়র নেতাদের নিয়ে অত্যন্ত আপত্তিকর বক্তব্য দেন প্রায়ই। আওয়ামী লীগ আমলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গুমের শিকার হন। দীর্ঘ সময় রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হন। তাকে নিয়ে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত মন্তব্য জাতীয় নেতাদের অসম্মান করার শামিল। কারণ অভ্যুত্থানের মুখ হিসেবে স্নেহ করে সবার সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও বিরূপ মন্তব্য করেন নাসীর।

নাসীরের এ ধরনের বক্তব্য জাতীয় ঐক্যেও আঘাত হানবে বলে অনেকে মনে করছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নইলে বিভাজনের ফলে আবারও ১/১১ সৃষ্টি হলে, শেখ হাসিনা ফিরবেন। তখন কারও রক্ষা হবে না। সবাই সহনশীল হন, ধৈর্য ধরুন। নইলে বিপদ কিন্তু সবার….।’

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের