মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক জড়িত: রিজভী
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘কুমিল্লার মুরাদনগর থেকে শুরু করে সাম্য হত্যা, মিটফোর্ডের ঘটনা এমন কেউ জড়িত আছে, যারা তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক। কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না। তারা জানে, জাতীয়তাবাদী শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না, গণতন্ত্রের প্রশ্ন ছাড় দেবে না, জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবে না। এই কারণেই আজকে একটার পর একটা সংঘাতমূলক ও সহিংস ঘটনা, রক্তপাতের ঘটনা তৈরি করা হচ্ছে।’
কোনো ইসলামী সংগঠন প্রোপাগান্ডা ও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন, বলা হলো- এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল দায়ী। কিন্তু ভুক্তভোগীর স্বামী বলেন, এখানে বিএনপির কেউ জড়িত না। এখানে ওই এলাকার যে উপদেষ্টা তার লোকজনরা জড়িত। অথচ বিএনপির নামে শুরু থেকে অপপ্রচার চালানো হচ্ছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোবাইল চুরির দায়ে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হলো, ছাত্রদলের সাম্যকে হত্যা করা হলো এগুলো কিসের আলামত- প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যখনই প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক পরে একটি যুক্ত বিবৃতি আসলো। তার পর থেকেই বাংলাদেশ পিআর পদ্ধতিতে নিবার্চনের দাবি শুরু হলো, এইটা ছাড়া আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাব না। এটার উদ্দেশ্যটা আমরা এখন বুঝতে পারি।’
নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কোনো উসকানির মুখে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমাদের চেয়ারম্যান ও গণতন্ত্রের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব। কারণ জনগণ তো আমাদের সঙ্গে আছে। ওরা (অস্পষ্ট) ভয় পাচ্ছে, জনগণ যদি তাদের সঙ্গে থাকত, তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলত না। পিআরের কথা বলত না। একটা ধোয়াসা তৈরি করে, একটা পানি ঘোলা করে, তারা মাছ শিকারের প্রচেষ্টায় কাজ করছে।’
তিনি বলেন, ‘আধিপত্যবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তির দালালরা গভীর চক্রান্ত করছে। তাদের পাতানো ষড়যন্ত্রের জালে আমাদের নেতা-কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক, পেশাজীবী সংগঠন কাউকে পা দেওয়া যাবে না।’
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ প্রমুখ।











