জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের পদে রদবদল হয়েছে। কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নুকে সরিয়ে এবার দলটির মহাসচিবের পদে নিয়োগ দেওয়া হয়েছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে। সোমবার (৭ জুলাই) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অপর দুই কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার ছাড়াও প্রেসিডিয়ামের আরও ৭ জন সদস্যকে দল থেকে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই চিঠির বিষয়টি দলে জানাজানি হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
শামীম হায়দার পাটোয়ারী দীর্ঘদিন দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। সুধী সমাজের পাশাপাশি তরুণ সমাজের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে দলকে ঢেলে সাজাব। তৃণমূলের মতামতের ভিত্তিতে দল পরিচালনা করব। আমাদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করব। আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যাব।’ তিনি বলেন, ‘মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন। আমরা উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে পুনর্গঠন করব। সবাইকে নিয়ে আমরা একটা নতুন জাতীয় পার্টি গড়ে তুলব। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলব।’
শামীম হায়দার পাটোয়ারী শুরুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতির পদেও আসীন তিনি। পরে পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৭ সালে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা গেলে ওই আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন শামীম হায়দার পাটোয়ারী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন।
১৯৮১ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি লন্ডনের সিটি ইউনিভার্সিটির ইনস অব কোর্ট স্কুল অফ ল থেকে পেশাগত ও আইনি দক্ষতায় পিজি ডিপ্লোমা এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’তে পিজি সাটর্িফিকেট অর্জন করেছেন। হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত মানবাধিকার বিষয়ক একটি কোর্সে ডিস্টিংশনসহ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩ সাল থেকে ঢাকা বার অ্যাসোসিয়েশনে এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর বিভাগের অতিরিক্ত সম্পাদক ছাড়াও পাটোয়ারী আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা ও সমাজকল্যাণে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নানা ভূমিকা রয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং সোশ্যাল বিজনেস একাডেমিয়া সেল এবং টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করার পাশাপাশি একইসাথে সম্প্রতি অপর দুই কো-চেয়ারম্যানসহ ৭ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির থেকে বহিষ্কার করেন জিএম কাদের। তাদের পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাপার দপ্তর বিভাগ জানিয়েছে, এই তিন শীর্ষ নেতা ছাড়াও সোলায়মান আলম শেঠ, নাজমা আকতার, নাসির মাহমুদ, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফ খানকেও অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার। তারা বলেন, ‘বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দেওয়া দেওয়া চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।’ তারা বলেন, ‘এটি একটি ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ যা পার্টির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। কাউন্সিলের আগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কোনো নিয়োগ বা বহিষ্কার কার্যকর নয়।’
প্রেসিডিয়াম সদস্যদের অব্যাহতি দেওয়ার নিন্দা জানিয়েছেন তারা। বিবৃতিতে তারা বলেন, ‘দায়িত্বশীল প্রেসিডিয়াম সদস্যরা নিয়মিত চাঁদা দেওয়া সত্ত্বেও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাদের যেভাবে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে, তা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নীতিহীন ও সম্মানহানিকর আচরণ।’
দলের শীর্ষ নেতাদের বহিস্কারের পর জাপার মধ্যম সারির নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের কেউ কেউ উচ্ছ্বসিত হয়েছেন, কেউ আবার দলে বড় ভাঙনের আশঙ্কায় হতাশা প্রকাশ করেছেন। জাপার দপ্তর সম্পাদক মাহমুদ আলম খবরের কাগজকে বলেন, ‘বহিস্কৃত নেতাদের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীরা সবসময়ই ক্ষুব্ধ ছিলেন। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর থেকেই এই তিন শীর্ষ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের চেয়ারম্যানকে বারবার অনুরোধ জানিয়েছিলেন তারা। আগে আওয়ামী লীগ সরকার, এখন অন্তর্বর্তী সরকারের নানা অংশের সঙ্গে গোপন আঁতাত করে তারা দলটাকে ভেঙেচুরে দিতে চান বলে তাদের অভিযোগ। আমাদের মাননীয় চেয়ারম্যান সবসময়ই তৃণমূল অন্তঃপ্রাণ নেতা। তিনি এবার দলের তৃণমূলের মতামতকে প্রাধাণ্য দিয়েছেন।’
দলের দুজন প্রেসিডিয়াম সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘বহিস্কৃত তিন শীর্ষ নেতা চরম বিতর্কিত। জাতীয় পার্টিকে রাজনীতির ময়দান থেকেই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন তারা। আমাদের দলের নতুন মহাসচিবকে নিয়ে বিতর্ক নেই। রাজনীতিবিদ হিসেবেই নয়, সমাজকর্মী হিসেবেও তিনি সব দলের কাছে শ্রদ্ধা আদায় করেছেন। এখন আমাদের কাজ হবে, তার নেতৃত্বে তৃণমূলকে গুছিয়ে নেওয়া। আবার আমাদের মাঠে সক্রিয় হতে হবে। হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে।’
২০২২ সালের সেপ্টেম্বরে মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের। পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মুজিবুল হক চুন্নু কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।











