শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথমে জাতীয় নির্বাচন হতে হবে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আমাদের বক্তব্য স্পষ্ট প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের বিশ্বস্ততা বাড়বে। যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। গত ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয় এ বিষয়ে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।’

বুধবার (২৫ জুন) নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরো ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময়ে এসে এত খুন-জখম-ডাকাতি, চুরি হত্যাকাণ্ড ঘটবে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। বলা হচ্ছে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসেনি, কেন আস্থা ফিরবে না?’

তিনি বলেন, ‘২৪ এর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি যখন ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তখন তিনি দলের সব নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। এ আন্দোলনে আমাদের ছাত্রদলের অনেক নেতা-কর্মী বিএনপির সমর্থক অনেকেই আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য।’

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যারা তদন্তে আছেন, তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন। যদিও তারা বলেছিল রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, হয়তো বিশেষ কারণে নামগুলো এখনও বলছেন না। তার মানে পরিকল্পিতভাবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। হয়তো কারো স্বার্থে প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে এ ঘটনা ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল।’

তিনি আরও বলেন, ‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আর যারা শেখ হাসিনার হিংস্রতার মধ্যেও অন্যায় কাজ করেনি তাদেরকে পুরস্কৃত করা উচিত। এটা করার জন্য অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে একটি সংবাদ পড়ে একদিকে যেমন বেদনার্ত হয়েছি, অন্যদিকে আশাবাদী হয়ে উঠেছি অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে অনেকেই অস্বীকার করেছেন এবং যারা অস্বীকার করেছেন তাদের নামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে এ ধরনের নথিও পাওয়া গেছে আর যারা রাজি হয়েছেন তারা তো গুম-খুন করেছেন শেখ হাসিনার আস্থাভাজন ও তারা নৈকট্য লাভের জন্য কাজ করেছেন। এর মধ্যেও কিছু কিছু পুলিশ অফিসার অস্বীকার করেছেন তাদেরকে ডিপার্টমেন্টের পুরস্কৃত করা উচিত। কারণ তারা শেখ হাসিনার হিংস্রতার মধ্যেও গুম করতে অস্বীকার করেছেন।’

তিনি বলেন, ‘৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত নানা কারণে ১৭৭ জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক না কেন সরকারের উচিত আইনের মাধ্যমে তাদেরকে বিচার করা। কোনো পার্টির রং না দেখে কারা অপরাধ করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় বিচার করবে।’

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মোস্তফা-ই জামান সেলিম প্রমুখ।