,

‘বাবার লাশের ছোট্ট টুকরো হলেও স্পর্শ করতে চাই’

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের বিচার দাবির মানববন্ধনে দাঁড়িয়ে আবারও কাঁদলেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তাঁর মুখে ‘বাবার লাশের ছোট্ট টুকরো হলেও শেষবারের মতো স্পর্শ করার’ আকুতি উপস্থিত অন্যদেরও চোখ মুছতে বাধ্য করে।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়। কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী প্রমুখ। বক্তারা বলেন, ব্যবসা, রাজনীতি কিংবা অন্য যে কারণেই হোক আমরা এমপি আনারের খুনিদের মুখোশ উন্মোচন চাই। দ্রুত তাদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে।

এক পর্যায়ে মাইক্রোফোন হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপিকন্যা ডরিন। বলতে থাকেন– রোগব্যাধি, দুর্ঘটনায় মারা গেলেও তো জানাজা হয়। আমার বাবার কী জানাজা হবে না? কী এমন অপরাধ করেছে আমার বাবা? তারা হত্যা করে টুকরো টুকরো করে হলুদের গুঁড়া দিল! কত কষ্টই না দিয়ে খুনিরা আমার বাবাকে মেরেছে! বাবার লাশের একটি টুকরো হলেও আমি দেখতে চাই, শেষবারের মতো স্পর্শ করতে চাই।

ডরিন বলেন, আমার বাবার হত্যাকারী হিসেবে যাদের ধরা হয়েছে, তাদের অতীত রেকর্ড দেখলেই বোঝা যায়, তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আমি দ্রুত সব খুনির গ্রেপ্তার চাই। না হলে আমার মতো আরও কেউ এতিম হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বাবার হত্যাকারীদের বিচার করেছেন। আমার বাবার হত্যাকারীদেরও বিচার তিনি করতে পারবেন, আমি আশাবাদী। এমপি আজীম খুনের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে চিহ্নিত কোটচাঁদপুরের আখতারুজ্জামান শাহীনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ডরিন এ সময় তাঁর ভাই কোটচাঁদপুরের পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমকেও গ্রেপ্তার করার দাবি জানান।

এর আগে শুক্রবার সকালে ডরিন কালীগঞ্জ শহরের বাসভবনের নিচে উপস্থিত সাংবাদিকদের কাছেও বাবা হত্যার বিচার দাবি করেন। তিনি জানান, বাবার সন্ধানে মাকে নিয়ে তিনি গত ১৩ মে থেকে ঢাকায় অবস্থান করেন। বৃহস্পতিবার রাতে তারা কালীগঞ্জে ফিরেছেন।

ডরিন বলেন, বাবা ভারতে চিকিৎসায় গিয়ে নিখোঁজের পর থেকে সরকারের সব সংস্থা তাঁকে উদ্ধারে আমাদের সহযোগিতা করেছে। এখন আমরা বাবার লাশ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।
এদিকে গতকাল বাদ জুমা এমপি আজীমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর নির্বাচনী এলাকার মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

গত ১২ মে ভারতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ১০ দিন পর গত বুধবার কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনে আজীম খুন হয়েছেন বলে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০