রাজশাহী মেডিকেলে ২৫ দিনে ২০০ শিশুর মৃত্যু
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৫ দিনে অন্তত ২০০ নবজাতকের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগের বয়সই এক থেকে ২৮ দিনের মধ্যে। তবে এসব নবজাতক ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কিলাইটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তবে চিকিৎসকরা বলছেন, শুধু শীতজনিত কারণেই নবজাতকরা মারা যাচ্ছে এটা ঠিক নয়। এমনিতেই নবজাতকদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম। শীতের সময় বিভিন্ন ভাইরাস ছড়িয়ে থাকে। বিভিন্ন ইনফেকশন, প্রিম্যাচিউরড বার্থ, অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। শীতজনিত কারণে কোনো নবজাতকের মৃত্যু হয়নি বলে তাদের দাবি।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ কামাল উদ্দিন জানান, রাজশাহীর ওপর দিয়ে মূলত গত ১৬ ডিসেম্বর পর থেকে এই নিয়ে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর তাপমাত্রা কিছুটা বেড়ে দুই অংকের ঘরে ওঠে। প্রথম দফার মৃদু শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রোদ ওঠায় দ্বিতীয় দফার এই মৃদু শৈত্যপ্রবাহ কাটে পরদিনই। ৩০ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৩১ ডিসেম্বর রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারপর নতুন বছর শুরু হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। এরপর ২ জানুয়ারি ১১ ডিগ্রি সেলসিয়াস, ৩ জানুয়ারি ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ জানুয়ারি ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ৫ জানুয়ারি ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ৬ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৭ জানুয়ারি ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রোববার ৮ দশমিক ৫ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আর এটি চলতি মৌসুমের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ।
এই ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ফলে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আর শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ৫ জন, ১৬ ডিসেম্বর ৮ জন, ১৭ ডিসেম্বর ৭ জন, ১৮ ডিসেম্বর ৯ জন, ১৯ ডিসেম্বর ১৭ জন, ২০ডিসেম্বর ৯ জন, ২১ ডিসেম্বর ১১জন, ২২ ডিসেম্বর ৩ জন, ২৩ ডিসেম্বর ৬ জন, ২৪ ডিসেম্বর ৮ জন, ২৫ ডিসেম্বর ৪ জন, ২৬ ডিসেম্বর ৯ জন, ২৭ ডিসেম্বর ৪ জন, ২৮ ডিসেম্বর ৮ জন, ২৯ ডিসেম্বর ৪ জন, ৩০ ডিসেম্বর ১৩ জন এবং ৩১ ডিসেম্বর ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ১ জানুয়ারি ৪ জন, ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই ১১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। আর ৬ জানুয়ারি ৫ জন, ৭ জানুয়ারি ১১ জন এবং ৮ জানুয়ারি (দুপুর ১২টা পর্যন্ত) ৩ জন শিশু মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, দেশে প্রায় এক-চতুর্থাংশ শিশু জন্মায় কম ওজন নিয়ে। জন্মানোর সময় এদের ওজন থাকে আড়াই কিলোগ্রামের কম। অর্থাৎ এদের শরীরে তাপ থাকে কম। বুকের দুধ টেনে খাওয়ার শক্তি থাকে কম। এসব নবজাতকের মৃত্যুঝুঁকিও বেশি। এ ছাড়া বার্থ অ্যাস্ফিক্সিয়া বা জন্মকালীন শ্বাসরোধ হওয়াটা বড় সমস্যা। এর ফলেও নবজাতক মারা যায়। এর বাইরেও অনেক সময় ঠাণ্ডা লাগলে নিউমোনিয়া ও হার্টফেইলরে শিশু মারা যেতে পারে। তবে এই হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা তেমন নেই।
এদিকে শীতজনিত কারণে শিশু মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ঠাণ্ডাজনিত রোগ নিয়ে আশঙ্কা করার কিছু নেই। একটু সতর্ক থাকলেই এই সময়ে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মায়ের বুকের দুধ খাওয়ানো, গরম কাপড়চোপড় পরিয়ে রাখা, ঠাণ্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ প্রিম্যাচিউর বার্থে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে আছে। নবজাতকদের এমনিতেই বিভিন্ন ইনফেকশ হয়, তার ওপর প্রিম্যাচিউর বার্থ হওয়ায় মারা যায়। এ ছাড়া অপুষ্টিজনিত সমস্যা থাকে, খাওয়ানো যায় না। এইসব কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এটা সারাবছরই শিশুমৃত্যুর ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেলে নবজাতক বা শিশুদের চিকিৎসার জন্য বেড বা ওষুধের কোনো সংকট নেই বলেও জানান তিনি।











